
ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে শেষ হলো তরুণ চিত্রশিল্পী দেবাজ্যোতি বর্ষণের একক চিত্র প্রদর্শনী। গ্যালারি-১–এ ‘জার্নি থ্রু রিয়েলিটি’ শীর্ষক সপ্তাহব্যপী এ চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছিল তেলরং, জলরং, পেনসিল, অ্যাক্রিলিকসহ বিভিন্ন মাধ্যমে আঁকা ৩৭টি ছবি।
সমাজের দৃশ্যমান নানা বিষয়, মানুষের জীবনযাপনের গল্প নিয়ে কাজ করতে চান তরুণ শিক্ষার্থী এই চিত্রশিল্পী। মূলত শিল্পী মা-বাবার অনুপ্রেরণাতেই আঁকাআঁকির প্রতি ঝোঁক। পড়াশোনা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের অঙ্কন ও চিত্রায়ণ বিভাগে।
প্রদর্শনী সম্পর্কে জানতে চাইলে দেবাজ্যোতি বর্ষণ বলেন, ‘এ প্রদর্শনীর অন্যতম উদ্দেশ্য হলো এর মাধ্যমে অন্যদের উৎসাহ দেওয়া। পরে যাঁরা এ কাজে আসতে চাইছেন, তাঁরা যাতে আমার কৌশলগুলো দেখে পরবর্তী সময়ে বাংলাদেশের শিল্পকলাকে একটি বিশেষ আঙ্গিকে নিয়ে যেতে পারেন। সে চিন্তা থেকেই এ প্রদর্শনীর আয়োজন করা।’