সম্পাদক পরিষদের বিবৃতি

গণমাধ্যমে নিরাপত্তা বাহিনীর অনুপ্রবেশে উদ্বেগ প্রকাশ

গণমাধ্যম প্রতিষ্ঠানে নিরাপত্তা বাহিনীর অনাকাঙ্ক্ষিত অনুপ্রবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে সম্পাদক পরিষদ। আজ সোমবার সম্পাদক পরিষদের সভাপতি নূরুল কবীর ও সাধারণ সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ এই বিবৃতি দিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, সম্পাদক পরিষদ লক্ষ করছে, অন্তর্বর্তী সরকারের আমলেও গণমাধ্যমকর্মী ও প্রতিষ্ঠানের নিরাপত্তা দেওয়ার ক্ষেত্রে রাষ্ট্রীয় বাহিনী এবং সরকারের একধরনের শৈথিল্য দৃশ্যমান। আসন্ন নির্বাচন ঘিরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের এই আচরণ আরও স্পষ্ট হচ্ছে। ৭ ফেব্রুয়ারি একটি নিবন্ধিত ডিজিটাল গণমাধ্যমের কার্যালয়ে সেনাসদস্যদের অনুপ্রবেশের মতো অনাকাঙ্ক্ষিত ঘটনা এর একটি উদ্বেগজনক উদাহরণ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম ও সংবাদ পরিবেশনে কোনো ব্যত্যয় ঘটে থাকলে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করাই ছিল প্রত্যাশিত।

বিবৃতিতে আরও বলা হয়, ‘বিগত শাসনামলে রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থাগুলোর ভাবমূর্তি যেভাবে বিনষ্ট হয়েছে, তা কাটিয়ে ওঠার প্রচেষ্টার কথা আমরা সরকার, সেনাপ্রধান এবং রাষ্ট্রীয় বিভিন্ন সংস্থার প্রধানদের কাছে গত ১৮ মাস ধরে শুনে আসছি। তবে গণমাধ্যমে এ ধরনের ঘটনা নির্বাচনের আগে সাধারণ ভোটার ও গণমাধ্যমকর্মীদের কাছে একটি নেতিবাচক বার্তা দিয়েছে।’

সম্পাদক পরিষদ মনে করে, ডিজিটাল ও মাল্টিমিডিয়া সাংবাদিকতায় ক্ষেত্রবিশেষে জবাবদিহিহীন পরিবেশ তৈরি হয়েছে। সেই সুযোগে কিছু কিছু অস্বীকৃত প্রতিষ্ঠানের মাধ্যমে যেভাবে অপতথ্য ছড়ানো হচ্ছে, তা সামগ্রিকভাবে নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে ক্ষতিগ্রস্ত করছে।

এই প্রেক্ষাপটে সম্পাদক পরিষদ একটি গণতান্ত্রিক উত্তরণের লক্ষ্যে সরকার, নিরাপত্তা বাহিনী এবং সব গণমাধ্যমকর্মীকে যাঁর যাঁর অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানাচ্ছে।