রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবন, ঢাকা, ২০ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদ ভবন, ঢাকা, ২০ আগস্ট ২০২৬

ফল ঘোষণার পর মির্জা ফখরুলের সঙ্গে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার কোলাকুলি

সিইসি বলেন, নির্বাচনের জন্য মুদ্রিত ব্যালট ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। বৈধ ব্যালট ৩৪৩। অব্যবহৃত ব্যালটের সংখ্যা ৬টি। অলি আহমদ ৮৮ ভোট আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট।

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনে বড় ব্যবধানে বিজয়ী হয়েছেন বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জয়ের পর সংসদে বিপুল করতালিতে অভিনন্দিত হয়েছেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। নির্বাচনী কর্তা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভোটের ফল ঘোষণা করেন।

ফল ঘোষণার পর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পর্যায়ক্রমে সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এবং প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সংসদ সদস্যদের সঙ্গে কোলাকুলি করেন।

আজ বৃহস্পতিবার বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত জাতীয় সংসদে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ হয়। বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের বিপরীতে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের কর্নেল (অব.) অলি আহমদ প্রতিদ্বন্দ্বিতা করেন। বর্তমান সংসদের ৩৪৯ জন সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। ফলাফলে মির্জা ফখরুল ২৫৫ ও অলি আহমদ ৮৮ ভোট পান।

বিকেল পাঁচটায় সিইসি ভোট গ্রহণ সমাপ্ত ঘোষণা করে গণনা শুরুর ঘোষণা দেন। এরপর ভোট গণনা শুরু হয়। গণনা চলার সময় সংসদ সদস্যরা নিজেদের আসনে বসে তা দেখছিলেন। এ সময় টেবিলের সামনে দাঁড়িয়ে গণনা পর্যবেক্ষণ করেন চিফ হুইপ মো. নূরুল ইসলাম ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামসহ কয়েকজন হুইপ।

পরে বিকেল ৫টা ২০ মিনিটে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন সিইসি। তিনি বলেন, নির্বাচনের জন্য মুদ্রিত ব্যালট ছিল ৩৪৯টি। এর মধ্যে ৩৪৩টি ব্যালট ব্যবহৃত হয়েছে। বৈধ ব্যালট ৩৪৩। অব্যবহৃত ব্যালটের সংখ্যা ৬টি। অলি আহমদ ৮৮ ভোট আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর পেয়েছেন ২৫৫ ভোট। এরপর তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নির্বাচিত ঘোষণা করেন।

ফল ঘোষণার সময় মির্জা ফখরুল প্রধানমন্ত্রীর পাশে নিজের চেয়ারে বসেছিলেন। তাঁকে বিজয়ী ঘোষণার সঙ্গে সঙ্গেই দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে হাতের ইশারায় সালাম দেন। তাঁর সঙ্গে প্রধানমন্ত্রীও দাঁড়িয়ে যান ও করমর্দন করেন। এ সময় মির্জা ফখরুলকে লাল গোলাপ দিয়ে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর সঙ্গে করমর্দনের পর সবাইকে সালাম দেন মির্জা ফখরুল।

এরপর মির্জা ফখরুল নিজের চেয়ার থেকে উঠে সামনে যান। সেখানে তাঁর সঙ্গে পর্যায়ক্রমে কোলাকুলি করেন বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান, বিরোধীদলীয় উপনেতা সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম, জামায়াতের জ্যেষ্ঠ সংসদ সদস্য এ টি এম আজহারুল ইসলাম, মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান।

এরপর মির্জা ফখরুল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোলাকুলি করেন। পরে পর্যায়ক্রমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপির সংসদ সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, সমাজকল্যাণমন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ মির্জা ফখরুল ইসলামের সঙ্গে কোলাকুলি করেন।