প্রকৌশলী গোলাম কিবরিয়া (বাঁয়ে) ও কর কর্মকর্তা আতাহার আলী খান (ডানে)।
প্রকৌশলী গোলাম কিবরিয়া (বাঁয়ে) ও কর কর্মকর্তা আতাহার আলী খান (ডানে)।

ঢাকা দক্ষিণ সিটি অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি কিবরিয়া, সাধারণ সম্পাদক আতাহার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি নির্বাচিত হয়েছেন প্রকৌশলী গোলাম কিবরিয়া। সাধারণ সম্পাদক হয়েছেন সংস্থাটির কর কর্মকর্তা আতাহার আলী খান।

আজ মঙ্গলবার ডিএসসিসির বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের কণ্ঠভোটে অ্যাসোসিয়েশনের এই শীর্ষ নেতৃত্ব নির্বাচন করা হয়। অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ডিএসসিসির কর্মকর্তাদের উপস্থিতিতে একটি সভা অনুষ্ঠিত হয়েছে। সেখানে অফিসার্স অ্যাসোসিয়েশন গঠনের প্রয়োজনীয়তা, গঠনতন্ত্র প্রণয়ন এবং স্থায়ী ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা হয়। সভায় ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ও ৭ সদস্যের উপদেষ্টা পরিষদ গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসসিসিতে কর্মরত কর্মকর্তাদের পেশাগত অধিকার রক্ষা, কল্যাণ নিশ্চিত করা এবং পারস্পরিক সহযোগিতা জোরদার করতে এই সংগঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরও উল্লেখ করা হয়, অবিলম্বে সভা আহ্বান করে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।

এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্র, সদস্য ফরম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় রূপরেখা প্রণয়ন করা হবে বলে জানানো হয়েছে। নতুন গঠিত এই কমিটির মেয়াদ হবে দুই বছর।