দুই অতিরিক্ত মহাপরিদর্শকসহ পুলিশের সাতজন শীর্ষ কর্মকর্তাকে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ–সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন জারি করে।
অতিরিক্ত আইজিপি মো. দেলোয়ার হোসেন মিঞা এবং এ কে এম আওলাদ হোসেনকে পদোন্নতি দিয়ে গ্রেড–১ দেওয়া হয়েছে।
এ ছাড়া পাঁচজন উপমহাপরিদর্শককে (ডিআইজি) পদোন্নতি দিয়ে অতিরিক্ত আইজিপি করা হয়েছে। তাঁরা হলেন সিলেট রেঞ্জের ডিআইজি মো. মুশফেকুর রহমান, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) পরিচালক মোহাম্মদ মোশাররফ হোছাইন, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. মনিরুজ্জামান, র্যাবের অতিরিক্ত মহাপরিচালক ফারুক আহমেদ ও ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।
এর আগে গত ৫ মে রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশের কমিশনারসহ ৯ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ২৯ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়। ওই সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।