
প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত ও হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানানোর পাশাপাশি এ ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিচার নিশ্চিতের দাবি জানিয়েছেন দেশের ৪৪ জন বিশিষ্ট নাগরিক।
পাশাপাশি জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমানের পৈতৃক বাড়িতে পুলিশের ‘তথ্য সংগ্রহ’ নিয়ে তাঁর আশঙ্কা ও অভিযোগ বিষয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবিও জানিয়েছেন ওই বিশিষ্ট নাগরিকেরা।
আজ মঙ্গলবার এক বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেছেন, ‘নাগরিকদের মতপ্রকাশের স্বাধীনতার ওপর এমন অযাচিত হস্তক্ষেপ অবিলম্বে বন্ধের জোর দাবি জানাচ্ছি।’
বিবৃতিতে বিশিষ্ট নাগরিকেরা বলেন, দেশের সংবিধান অনুযায়ী আইনের শাসন ও মৌলিক মানবাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম মূল দায়িত্ব। সংবিধানের ৩৮ অনুচ্ছেদ অনুসারে দেশের প্রত্যেক নাগরিকের সংগঠন করার স্বাধীনতা এবং ৩৯ অনুচ্ছেদে চিন্তা, বিবেক ও মতপ্রকাশের স্বাধীনতার নিশ্চয়তার বিধান থাকা সত্ত্বেও কেবল সরকারের সমালোচনার কারণে হয়রানি, মামলা-হামলা ও লাঞ্ছনার ঘটনা একটির পর একটি ঘটেই চলেছে, যা সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার ও আন্তর্জাতিক মানবাধিকারসংক্রান্ত আইনসহ জাতিসংঘের সর্বজনীন মানবাধিকারের চরম লঙ্ঘন। এ ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘনকারী ব্যক্তি ও সংস্থার বিরুদ্ধে কোনো ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে—এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। কোনো সভ্য ও গণতান্ত্রিক দেশে সমালোচক, ভিন্ন মতাবলম্বীদের ওপর হামলা, মামলা, ভয়ভীতি প্রদর্শন এবং বিচারহীনতার এ ধারা চলতে পারে না। দেশের সংবিধান মতে এখানেও তা চলতে দেওয়া যায় না।
অন্যদিকে ২২ ডিসেম্বর এক ফেসবুক পোস্টে জনপ্রিয় টক শো ‘তৃতীয় মাত্রা’র উপস্থাপক জিল্লুর রহমান জানান, পুলিশ তথ্য সংগ্রহের জন্য শরীয়তপুরে তাঁর পৈতৃক বাড়িতে যায়। তিনি মনে করছেন, তথ্যের প্রয়োজনে ঢাকায় তাঁর বা অফিসে না গিয়ে কিংবা ফোন না করে তাঁকে, তাঁর পরিবার ও প্রতিবেশীদের ভয় দেখানোর জন্যই পুলিশ গিয়েছিল। তাঁর এ অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক বলে বিবৃতিতে উল্লেখ করেছেন ৪৪ বিশিষ্ট নাগরিক।
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল; গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক ও সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী; সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার; জ্যেষ্ঠ আইনজীবী সুব্রত চৌধুরী; বাংলাদেশ ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মেসবাহ কামাল; আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সভাপতি, আইনজীবী জেড আই খান পান্না; টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও গবেষক স্বপন আদনান; যুক্তরাষ্ট্রের ইলিনয় স্টেট ইউনিভার্সিটির অধ্যাপক আলী রীয়াজ; এএলআরডির নির্বাহী পরিচালক শামসুল হুদা; জ্যেষ্ঠ আইনজীবী তবারক হোসেইন; আইনজীবী শাহদীন মালিক; বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান; মানবাধিকারকর্মী ও আসকের নির্বাহী পরিচালক মো. নূর খান; গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি জাফরুল্লাহ চৌধুরী; আলোকচিত্রী শহীদুল আলম; লেখক রেহনুমা আহমেদ; সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির উপাচার্য ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অধ্যাপক পারভীন হাসান; সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার; নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন; সমাজকর্মী ও নারীপক্ষের সাবেক সভানেত্রী শিরীন হক; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক গীতি আরা নাসরীন, অধ্যাপক শাহনাজ হুদা, অধ্যাপক সুমাইয়া খায়ের, অধ্যাপক আসিফ নজরুল; ব্লাস্টের অবৈতনিক নির্বাহী পরিচালক সারা হোসেন; বাংলাদেশ আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং; ব্রতির নির্বাহী পরিচালক শারমীন মুরশিদ; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক মির্জা তাসলিমা সুলতানা; বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রমুখ।
প্রবীণ প্রকৌশলী ম ইনামুল হককে শারীরিকভাবে লাঞ্ছিত করা ও হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আরেকটি বিবৃতি দিয়েছেন দেশের ৩২ জন বিশিষ্ট নাগরিক।
আজ দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেছেন, এটা নিছক ব্যক্তির ওপর হামলা নয়, এর সঙ্গে অধিকার ও নাগরিক মর্যাদার প্রশ্নটি জড়িত। অবিলম্বে ইনামুল হককে হেনস্তাকারী ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক। অন্যথায় এটি বিচারহীনতার আরেকটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বিবৃতিতে ৩২ জন বিশিষ্ট নাগরিক বলেছেন, ‘যেকোনো নাগরিকেরই দেশের রাজনীতি নিয়ে কথা বলা, সমালোচনা করা ও সভা-সমাবেশ করার অধিকার আছে। এ সময় ইনামুল হককে যে রকম ন্যক্কারজনক শারীরিক লাঞ্ছনার শিকার ও হেনস্তা করা হয়েছে, তা সুস্পষ্টভাবে একজন নাগরিকের মতপ্রকাশের অধিকার ও সভা-সমাবেশের অধিকারের ওপর মারাত্মক আঘাত। এমন আক্রমণাত্মক আচরণের মধ্য দিয়ে প্রতীয়মান হয় যে পরমতসহিষ্ণুতার মতো মৌলিক গণতান্ত্রিক মূল্যবোধগুলো আমাদের রাজনৈতিক ও সামাজিক পরিসর থেকে ক্রমেই বিলুপ্ত হয়ে যাচ্ছে, যা ভীষণ উদ্বেগের।’
বিবৃতিদাতাদের মধ্যে রয়েছেন অধ্যাপক মাহবুব উল্যাহ, অধ্যাপক দিলারা চৌধুরী, অধ্যাপক আসিফ নজরুল, সাবেক কূটনীতিক সাকিব আলি, অধ্যাপক আবদুল লতিফ মাসুম, অধ্যাপক তানজিম উদ্দিন খান, অধ্যাপক মোহাম্মদ কামরুল আহসান, অধ্যাপক ইফতিখারুল আলম মাসউদ, অধ্যাপক শামীমা সুলতানা, মানবাধিকারকর্মী নূর খান, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া প্রমুখ।