
আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘ট্রিপল হিলেক্স অ্যাপরোচ’ বিষয়ক কর্মশালার আয়োজন করা হয়েছে। বুধ ও বৃহস্পতিবার দুইদিন এ কর্মশালা হবে।
আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় এবং ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্ন ও ডেনমার্ক দূতাবাসের যৌথ উদ্যোগে কর্মশালাটির আয়োজন করা হয়েছে।
কর্মশালা উপলক্ষে মঙ্গলবার এক সংবাদ সম্মেলন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সেখানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী, ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্নের ডিস্টিংগুয়িস্ট অধ্যাপক ইয়ান ভ্যাং ও পিটার হাসলে।
উপাচার্য মুহাম্মদ ফাজলী ইলাহী বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে দেশ অনেক এগিয়েছে। টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশ প্রযুক্তির যথাযথ ব্যবহার করবে। দক্ষ মানবসম্পদ তৈরিতে আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয় তার ভূমিকা পালন করছে।
সংবাদ সম্মেলনে ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্নের ডিস্টিংগুয়েস্ট অধ্যাপক ইয়ান ভ্যাং বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে আমরা কাজ করছি। বাংলাদেশের টেকসই উন্নয়নের জন্য সবার সহযোগিতা দরকার।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সারওয়ার মোর্শেদ এবং ডেনমার্কের ইউনিভার্সিটি অব সাউথদার্নের অধ্যাপক পিটার হাসলে।
আরও উপস্থিত ছিলেন আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সদস্য আবু তৈয়ব আবু আহমেদ, প্রো ভাইস-চ্যান্সেলর মাহবুবুর রহমান, কোষাধ্যক্ষ ফিজুর রহমান, রেজিস্টার মো. মোশারফ হোসেন, অফিস প্রধান, বিভিন্ন বিভাগের প্রধান ও শিক্ষকেরা।