আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার সামরিক ষড়যন্ত্রের শিকার আমরা’ নামের সংগঠন আয়োজিত সভার অংশগ্রহণকারীরা
আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ কেন্দ্রীয় শহীদ মিনারে ‘১৯৭৭ সালে খুনি জিয়ার সামরিক ষড়যন্ত্রের শিকার আমরা’ নামের সংগঠন আয়োজিত সভার অংশগ্রহণকারীরা

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস

‘স্বামীর দাফন কোথায় হয়েছে, জানলে কবরটা জিয়ারত করা যেত’

বিমানবাহিনীর সাবেক সার্জেন্ট দেলোয়ার হোসেন নিখোঁজ হন ১৯৭৭ সালে। এরপর তাঁর আর খোঁজ পাওয়া যায়নি। দেলোয়ারের পরিবারের দাবি, ১৯৭৭ সালের অক্টোবরে সামরিক বাহিনীতে অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরির পর বিদ্রোহ দমনের নামে যেসব ব্যক্তিকে হত্যা করা হয়েছিল, তাঁদের তালিকায় ছিলেন দেলোয়ার।

আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস উপলক্ষে আজ মঙ্গলবার কেন্দ্রীয় শহীদ মিনারে ‘১৯৭৭ সালে বীর মুক্তিযোদ্ধাদের গুম ও ফাঁসির বিচার চাই’ ব্যানারে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সেখানে অংশ নেন দেলোয়ার হোসেনের স্ত্রী নুরুন্নাহার বেগম। এ সময় তিনি স্বামীর কবরের সন্ধান চান।

এখন নুরুন্নাহারের বয়স ৭০ বছরের বেশি। তিনি বলেন, দেলোয়ারের সঙ্গে তাঁর বিবাহিত জীবন ছিল মাত্র তিন বছরের। এরপর হঠাৎ করে তিনি নিখোঁজ হন। পরে জানতে পারেন, তাঁর স্বামীকে হত্যার পর লাশ গুম করা হয়। স্বামীর লাশটা কোথায় দাফন করা হয়েছে, তা জানতে পারলে কবরটা অন্তত জিয়ারত করতে পারতেন। তিনি স্বামী হত্যা ও গুমের বিচার চান।

‘১৯৭৭ সালে খুনি জিয়ার সামরিক ষড়যন্ত্রের শিকার আমরা’ সংগঠন আজকের আলোচনা সভার আয়োজন করে। এই সংগঠনের সমন্বয়কের দায়িত্বে রয়েছেন কামরুজ্জামান মিঞা লেলিন। তাঁর ভাষ্য, ১৯৭৭ সালের ২ অক্টোবর ঢাকায় জাপানি বিমান ছিনতাইয়ের ঘটনায় তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরিকল্পিতভাবে একটি অভ্যুত্থানের প্রেক্ষাপট তৈরি করেন। পরবর্তী সময়ে তথাকথিত বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান এক দিনে সামরিক আদালতে বিচার করে সেই রাতেই ফাঁসি সম্পন্ন করা শুরু করেন।

কামরুজ্জামান মিঞা বলেন, লাশ গুম করা হতো ঢাকা, কুমিল্লা, চট্টগ্রাম, রংপুর, যশোর ও বগুড়া কেন্দ্রীয় কারাগারে। রাতের আঁধারে কারফিউ দিয়ে ফাঁসি কার্যকর করা হতো। সেনাশাসক জিয়াউর রহমানের নির্দেশে গঠিত বিশেষ সামরিক ট্রাইব্যুনালের কথিত বিচারে ফাঁসি হওয়া ২০৯ জনের নাম–পরিচয় জানা গেছে। তবে ওই ঘটনায় মৃতের সংখ্যা ছিল ১ হাজার ১৪৩ জন। কারাভোগ করেছিলেন সেনা ও বিমানবাহিনীর আড়াই হাজার সদস্য।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, বিদ্রোহ দমনের নামে জিয়াউর রহমান সামরিক বাহিনীর আড়াই থেকে তিন হাজার মানুষকে বিনা বিচারে হত্যা করেছেন। মুক্তিযোদ্ধাদের বেছে বেছে হত্যা করা হয়েছে।