‘আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিং’–এর দ্বিতীয় সিজনের কার্যক্রম শুরু হয়েছে। এই সিজনের চ্যাম্পিয়ন পুরস্কার হিসেবে পাবেন ১০ লাখ টাকা। প্রথম রানারআপ পাবেন পাঁচ লাখ, দ্বিতীয় রানারআপ পাবেন তিন লাখ টাকা। শীর্ষ ৩০ প্রতিযোগী পাবেন ক্রেস্ট, সনদ, কালিনারি কোর্স, আকিজ টেবিলওয়্যারের বিশেষ ডিনার সেটসহ মোট ২০ লাখ টাকার পুরস্কার।
অংশগ্রহণকারীদের https://www.aop.com.bd ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করতে হবে। অংশগ্রহণের শেষ সময় ১৮ ফেব্রুয়ারি, ২০২৫। আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর ও তথ্য জানানো হয়েছে।
আকিজ টেবিলওয়্যার আর্ট অব প্লেটিংয়ের দ্বিতীয় সিজন উপলক্ষে গতকাল মঙ্গলবার রাজধানীর একটি অভিজাত হোটেলে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান বিচারক শেফ ড্যানিয়েল সি গোমেজ, আকিজবশির গ্রুপের হেড অব মার্কেটিং মো. শাহরিয়ার জামান এবং চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলমসহ আকিজ টেবিলওয়্যারের কর্মকর্তারা।
এবারের আয়োজনের নানা দিক তুলে ধরার পাশাপাশি ফুড প্লেটিংকে আর্ট ফর্ম হিসেবে বাংলাদেশে পরিচিত করা এবং দেশের বিভিন্ন অঞ্চলে থাকা মেধাবীদের জাতীয় পর্যায়ে উঠে আসার সুযোগ করে দেওয়াই এই প্ল্যাটফর্মের মূল উদ্দেশ্য বলে জানান আয়োজকেরা।
আকিজবশির গ্রুপের চিফ অপারেটিং অফিসার মো. খোরশেদ আলম বলেন, ‘এই প্রতিযোগিতার প্রথম সিজনে দর্শকের কাছ থেকে আমরা প্রচুর সাড়া পেয়েছি। তাই এবার আরও বড় পরিসরে পুরো বাংলাদেশের প্লেটিং আর্টিস্টদের এক ছাদের নিচে নিয়ে আসার উদ্যোগ নিয়েছি। ফুড প্লেটিংয়ের আর্টে আমাদের সংস্কৃতি, নিজস্ব গল্পগুলো বিশ্বের কাছে তুলে ধরতে এবং এই ফুড আর্ট কালচারকে সমৃদ্ধ করতেই এই প্রচেষ্টা।’
ভিন্নধর্মী এই রিয়েলিটি শোয়ের দ্বিতীয় সিজন এনটিভি, চ্যানেল আই, দীপ্ত টেলিভিশন ছাড়াও ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে দেখা যাবে।
প্রতিযোগিতার অংশ হিসেবে প্রাথমিকভাবে অংশগ্রহণকারীদের নিজের করা সেরা প্লেটিংয়ের ছবি তুলে তা ওয়েবসাইটে জমা দিতে হবে। এরপর অভিজ্ঞ ও বিশেষজ্ঞ শেফদের বিচার-বিশ্লেষণের মাধ্যমে সব অংশগ্রহণকারীর মধ্য থেকে শীর্ষ ৩০ জনকে বাছাই করা হবে। তাঁরা দর্শক ও বিচারকদের সামনে সরাসরি নিজের আর্ট ও প্লেটিংয়ের স্কিল তুলে ধরার সুযোগ পাবেন।