
প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ হওয়া ব্যক্তিদের কয়েকটি পরিবার। আজ রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জুলাই গণ-অভ্যুত্থান অধিদপ্তর গঠন, আহত ও শহীদ পরিবারের রাষ্ট্রীয় সম্মাননা ও স্বীকৃতি, আর্থিক সহযোগিতা, পুনর্বাসনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে।
প্রধান উপদেষ্টা বৈঠকে শহীদ পরিবারের সদস্যদের প্রত্যাশার কথা শুনেছেন এবং সরকারের চলমান কার্যক্রম তুলে ধরার পাশাপাশি সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক সারজিস আলম।
‘জুলাই অভ্যুত্থান-২০২৪’-এর স্মৃতি ধরে রাখতে ১০ টাকা মূল্যমানের একটি স্মারক ডাকটিকিট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম, ৫ টাকা মূল্যমানের ডেটাকার্ড ও একটি বিশেষ সিলমোহর প্রকাশ করেছে বাংলাদেশ ডাক বিভাগ। গতকাল সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা এই ডাকটিকিট অবমুক্ত করেন।
ডাকটিকিটের থিম হিসেবে জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে চিত্রিত করা হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানকে ত্বরান্বিত করতে নারীরা যে ভূমিকা রেখেছেন, এতে তা তুলে ধরা হয়েছে।
প্রধান উপদেষ্টা ১১ থেকে ১৩ ফেব্রুয়ারি সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইতে অনুষ্ঠেয় ‘বিশ্ব সরকার সম্মেলন ২০২৫’-এ যোগ দেবেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ রফিকুল আলম গতকাল বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান।
রফিকুল আলম বলেন, ‘শীর্ষ সম্মেলনে অংশগ্রহণের মাধ্যমে প্রধান উপদেষ্টা বৈশ্বিক নানা চ্যালেঞ্জ এবং আন্তর্জাতিক বিষয়গুলোতে বাংলাদেশের দৃষ্টিভঙ্গি উপস্থাপনের সুযোগ পাবেন।’ প্রধান উপদেষ্টা শীর্ষ সম্মেলনের পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলেও জানান তিনি।