ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগের নামে জরিমানা আদায়ের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে যেসব খুদে বার্তা (এসএমএস) ছড়িয়ে পড়েছে, সেগুলো সম্পূর্ণ বানোয়াট ও অসত্য। আজ সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে নগরবাসীকে এ ধরনের তথ্যে বিভ্রান্ত বা প্রতারিত না হওয়ার অনুরোধ জানিয়েছে ডিএমপির ট্রাফিক বিভাগ।
ডিএমপির বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’ অমান্যকারী যানবাহনের বিরুদ্ধে মামলা দেওয়া হলে সংশ্লিষ্ট বিভাগ বা ট্রাফিক টেকনিক্যাল ইউনিটের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার স্বাক্ষরযুক্ত একটি পত্র যানবাহনের মালিকের ঠিকানায় পাঠানো হয়।
ডিএমপি আরও জানায়, প্রয়োজনে শুধু ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বর থেকে খুদে বার্তা পাঠানো হয়। জরিমানার মুখে পড়া যানবাহনের ক্ষেত্রে অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ‘উপায়’ ও ‘সিবিবিএল’-এ অর্থ পরিশোধ করা যায়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ট্রাফিক বিভাগ কখনোই কোনো ব্যক্তির কাছে পিন নম্বর, পাসওয়ার্ড বা ওটিপি জানতে চায় না।
ট্রাফিক এআই বা ভিডিও মামলাসংক্রান্ত যেকোনো তথ্যের জন্য ‘ডেল্টা-৩’ অথবা ০১৩২০-০৪২২০৭ ও ০১৩২০-০৪২২২৭ নম্বর এবং জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ডিএমপি।