বইয়ের মেলা প্রাণের মেলা

ছুটির দিনের মেলায় কত গল্প

মুজিবপিডিয়া
মুজিবপিডিয়া

স্মৃতি মানুষের প্রাণের আলাপ। অমর একুশে বইমেলায় টিএসসির দিকের প্রবেশমুখে প্রতিবার হাতে বানানো বেহালা বাজান মোহাম্মদ সালাউদ্দিন। এক শ্রোতা জানালেন, গতবার তিনি ও তাঁর বাবা এখানে বাজনা শুনেছেন। সালাউদ্দিনও এবারের মেলায় গতকাল শুক্রবার প্রথম বাজালেন।

গতকাল ছিল এ বছরের বইমেলার প্রথম ছুটির দিন। সকাল থেকে শত শত মানুষ মেলায় এসেছেন অসংখ্য গল্প সঙ্গে করে। বিশেষ আয়োজন ‘শিশুপ্রহর’ থাকায় অভিভাবকদের হাত ধরে শিশুদের উপস্থিতি ছিল বেশি। সোহরাওয়ার্দী উদ্যানে দূর থেকে দেখা গেল, বছর তিন হবে এক খুদে মেলা ভ্রমণকারী বসে আছে মাঠে রাখা উঁচু বাঁশের টুলে।

সে আর হাঁটবে না, ঘোষণা দিয়েছে। রাজধানীর ইস্কাটন থেকে আসা মাহমুদা হাসনাত জানালেন, বড় ছেলে আবরার বই কেনার পর থেকে ছোট্ট ওয়ানিয়ার মুখ ভার। আবরারের ব্যাগে ছিল তিনটি নতুন বই।

১৬/১৭ লাভ লেন হরিশংকর জলদাস

গতকাল মেলায় নতুন বই জমা হয়েছে ৯৬টি। অধিকাংশ কবিতা আর গল্পের।

বিকেলে মেলায় সবুজ রঙের শাড়ি পরে এসেছিলেন প্রায় বিশজন বন্ধু। তাঁদের একজন নিবেদিতা নার্গিস জানালেন, তাঁরা সবাই বহুদিনের পরিচিত। তাঁদের ছবি তোলার উৎসবের পাশাপাশি তখন মেলায় চলছে আরেক উৎসব। সকাল থেকে নানা পর্বে হয়েছে শিশুপ্রহর। ছবিটবি এঁকে সিসিমপুরের ইকরি, টুকটুকির সঙ্গে ছবি তুলেও খুদে পাঠকেরা বাড়ি ফিরতে চাচ্ছিল না। ওদের জন্য আজ শনিবারও আছে শিশুপ্রহর। কথাসাহিত্যিক অধ্যাপক জাফর ইকবাল ওদের মুঠোফোনের আসক্তি কমিয়ে বইয়ের সঙ্গে বন্ধুত্ব গড়তে বললেন।

মেলার অন্য মাথায় তখন বইয়ের দোকানে ভারী চশমার ভেতর দিয়ে পাতা উল্টে যাচ্ছেন আহমেদুল করিমের মতো পড়ুয়ারা। জিগাতলা থেকে আসা এই পাঠক দাঁড়িয়েছিলেন প্রথমা প্রকাশনে। এই দোকানের বিপণনকর্মী আনাস জানালেন, এবার অনেক তরুণ লেখক এসে বই প্রকাশের নিয়মকানুন সম্পর্কে খবর নিয়েছেন।

শুক্রবার পাঠক খুঁজেছেন প্রথমার হরিশংকর জলদাসের ১৬/১৭ লাভ লেন এবং আসিফ নজরুলের সংবিধান বিতর্ক ১৯৭২ বইসহ কয়েকটি বই। সন্ধ্যালগ্নে প্রথমার প্যাভিলিয়নে চিত্রনায়ক ফেরদৌস হাজির হলেন নিজের প্রথম উপন্যাস এই কাহিনি সত্য নয় বইয়ের মোড়ক উন্মোচনের অনুষ্ঠানে। বললেন, এটা তাঁর জীবনের অন্যতম আনন্দের অনুভূতি। এ আয়োজনে তাঁর সঙ্গী হলেন আনিসুল হক, কবির বকুলসহ অন্যরাও।

সোহরাওয়ার্দী উদ্যানের মাঝামাঝিতে থাকা ইউনিভার্সিটি প্রেস লিমিটেডের বিপণনকর্মীরা জানালেন, তাঁদের বইগুলো অধিকাংশ গবেষণামূলক। তাই সিরিয়াস পাঠক আসেন বেশি।

সংবিধান বিতর্ক ১৯৭২

দিন যেতে যেতে গুছিয়ে উঠছে মেলার আয়োজন। তবে এখনো দোয়েল চত্বর আর টিএসসির দিকের পথের বাতি বা মাঠের ধুলা কমানোর ব্যবস্থা হয়নি। রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিলেন ‘বিকেল বেলা ভিড় জমেছে, ভাঙল সকাল বেলা’। অমর একুশে বইমেলা প্রতিদিনের মতো রাত নয়টায় শেষ হলেও মুখ ভার ছিল অনেকের।

চিত্রনায়ক ফেরদৌস আহমেদ রচিত এই কাহিনি সত্য নয় বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বাঁ থেকে জাকির হোসেন, ফেরদৌস আহমেদ, আনিসুল হক ও কবির বকুল। গতকাল রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অমর একুশে বইমেলায়

মুজিব চত্বরের সামনে মুজিবপিডিয়ার স্টলে বসে চলছিল কবি তুষার দাশ, অ্যাডর্ন পাবলিকেশনের স্বত্বাধিকারী সৈয়দ জাকির হোসাইন আর সাহিত্যিক ফরিদ কবিরের আড্ডা। তুষার দাশ বললেন, ১৯৭৮ সালের বইমেলার স্মৃতিও স্পষ্ট মনে আছে তাঁর। তখন রাতভর মেলায় থাকা যেত। তবু মনে হতো, দ্রুতই ফুরিয়েছে সময়।

চার দশক আগের বইমেলার স্মৃতিচারণায় শামিল হলেন সৈয়দ জাকির। কিছুটা মতান্তরের পর দুজনই বললেন, সময় যেভাবেই বদলে যাক, মেলা মানেই কত কথা আর স্মৃতির মুখোমুখি হওয়া!