ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার নিজেদের ওয়েবসাইটে কেন্দ্রভিত্তিক ফলাফল প্রকাশ করে ইসি।
গত ১২ ফেব্রুয়ারি ২৯৯টি আসনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। একজন প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন বাতিল করা হয়েছিল। সেদিন ২৯৯টি আসনের ৪২ হাজার ৬৫১টি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ করা হয়েছিল। তবে আদালতের নির্দেশনা থাকায় দুটি আসনের ফলাফল ঘোষণা স্থগিত আছে।
গত ১৩ ফেব্রুয়ারি রাতে ২৯৭টি আসনের ফলাফলের গেজেট প্রকাশ করে ইসি। আদালতের নির্দেশনা মেনে চট্টগ্রাম-২ ও চট্টগ্রাম-৪ আসনের ফল ঘোষণা স্থগিত রাখা হয়। কেন্দ্রভিত্তিক ফল প্রকাশের ক্ষেত্রেও এই দুটি আসনের ভোটকেন্দ্রগুলোর ফল প্রকাশ করা হয়নি।
নির্বাচনের ঘোষিত ফল অনুযায়ী, ২৯৭টি আসনের মধ্যে বিএনপি জয় পেয়েছে ২০৮টিতে। জামায়াতে ইসলামী পেয়েছে ৬৮টি আসন। এনসিপির প্রার্থীরা জয়ী হয়েছেন ৬টি আসনে। এ ছাড়া ৭টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। অন্য আসনগুলোতে বিভিন্ন দলের প্রার্থীরা জয় পান।