
বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড ও অ্যাসোসিয়েটেড বিল্ডার্স করপোরেশন লিমিটেডের (এবিসি) মধ্যে চুক্তি সই হয়েছে। চট্টগ্রামের মিরসরাইয়ে ন্যাশনাল স্পেশাল ইকোনমিক জোনে গুরুত্বপূর্ণ সিভিল ও স্টিল ওয়ার্কস বাস্তবায়নের লক্ষ্যে গতকাল রোববার ঢাকার উত্তরায় বার্জার হাউসে এই চুক্তি সই হয়।
চুক্তির আওতায় প্রকল্প এলাকায় বাল্ক র ম্যাটেরিয়াল ওয়্যারহাউসের সিভিল ও স্টিল ওয়ার্কস, ওয়ার্কার্স ফ্যাসিলিটির সিভিল ওয়ার্কস এবং ইউটিলিটি বিল্ডিংয়ের সিভিল ওয়ার্কস সম্পাদন করা হবে।
বার্জারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহসিন হাবিব চৌধুরী। এবিসির পক্ষের স্বাক্ষর করেন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার নাশিদ ইসলাম।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবিসির জ্যেষ্ঠ পরিচালক রাশেদ চৌধুরী, বার্জারের প্রধান সাপ্লাই চেইন অফিসার রাকিবুল আলমসহ উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা ও প্রতিনিধিরা।
অনুষ্ঠানে বার্জারের এমডি মোহসিন হাবিব চৌধুরী বলেন, ‘এই চুক্তি প্রকল্পের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। আমরা এবিসির সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার মাধ্যমে নির্ধারিত কাজগুলো নিরাপদ, দক্ষতা ও প্রয়োজনীয় গুণগত মান বজায় রেখে প্রকল্প বাস্তবায়নের ব্যাপারে আশাবাদী।’
এবিসির এমডি নাশিদ ইসলাম বলেন, ‘এই গুরুত্বপূর্ণ প্রকল্পের অংশ হতে পেরে আমরা আনন্দিত। চুক্তিতে নির্ধারিত প্রয়োজনীয়তা, গুণগত মান ও প্রকল্পের সময়সূচি অনুযায়ী আমাদের ওপর অর্পিত কাজগুলো যথাযথভাবে সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ।’