সম্প্রতি লামার তিন পাড়ার মানুষের জুমের জমি পুড়িয়ে দেওয়া হয়
সম্প্রতি লামার তিন পাড়ার মানুষের জুমের জমি পুড়িয়ে দেওয়া হয়

৩৬ নাগরিকের বিবৃতি

বান্দরবানের লামায় পাহাড়িদের উচ্ছেদের চেষ্টা হচ্ছে

দেশের ৩৬ বিশিষ্ট নাগরিক বলেছেন, বান্দরবানের লামা উপজেলায় ৩৯ পাহাড়ি পরিবার উচ্ছেদের চেষ্টা চলছে। তাঁদের অভিযোগ, সেখানে লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান পাহাড়িদের জুমের ফসল পুড়িয়ে দিয়েছে, ঝিরির পানিতে বিষ মিশিয়ে দিয়েছে এবং পেটোয়া বাহিনী দিয়ে পাহাড়িদের মারধর করেছে। আজ বুধবার দেওয়া এক বিবৃতিতে তাঁরা বলেন, স্থানীয় পাহাড়িদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। এসব তৎপরতায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় এনে তাঁদের কঠোর শাস্তির দাবি করেন নাগরিকেরা।

বিবৃতিতে বলা হয়, গত ২৭ এপ্রিল লামা উপজেলার লাংকমপাড়া, জয় চন্দ্র কার্বারিপাড়া ও রেংয়েন কার্বারিপাড়ার অধিবাসীদের সৃজিত জুমের বাগান পুড়িয়ে দেওয়া হয়। এই আগুনে প্রায় ১০০ একর জুমের ধান, বাঁশ, আম, কলা, আনারসসহ বিভিন্ন ফলদ ও বনজ গাছ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত পাড়াগুলোর অধিবাসীদের অভিযোগ, জমি দখলের জন্য লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি কোম্পানির লোকজন তাঁদের ফসলে পরিকল্পিতভাবে আগুন লাগিয়েছেন। এ বিষয়ে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করতে বান্দরবান পার্বত্য জেলা পরিষদ স্থানীয় সরকারের উপপরিচালককে প্রধান করে গঠিত পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। সে কমিটি লিজ বাতিলসহ ছয় দফা সুপারিশ জমা দিলেও তা কার্যকর করা হয়নি। বরং ৬ সেপ্টেম্বর আদিবাসীদের পানির একমাত্র উৎস পাহাড়ি ঝিরির পানিতে বিষ মেশানো হয়। এর ফলে স্থানীয় পাহাড়িরা এ ঝিরির পানি পান করতে পারছেন না। বিভিন্ন সংবাদমাধ্যমে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশিত হলেও এখন পর্যন্ত প্রশাসন অপরাধীদের বিরুদ্ধে শাস্তিমূলক কোনো পদক্ষেপ গ্রহণ করেনি।

বিবৃতিদাতারা বলেন, কোম্পানির লোকেরা ১ সেপ্টেম্বর লাংকম ম্রোসহ চারজন ম্রো ব্যক্তির চাষ করা খেত থেকে ২৫ মণের বেশি মিষ্টিকুমড়া লুট করে নিয়ে যান। সর্বশেষ ২৪ সেপ্টেম্বর রেং ইয়ুং ম্রোর বাগানে রোপণ করা ৩০০ কলাগাছ কেটে দেওয়া হয়। ক্ষতিগ্রস্ত পাহাড়িরা থানায় মামলা করতে ভয় পান। কারণ পুলিশ বা প্রশাসন এতগুলো ঘটনার বিষয়ে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। আদিবাসীদের বিরুদ্ধে করা মিথ্যা মামলায় অভিযুক্ত পাহাড়িদের গ্রেপ্তার করতে পুলিশ বেশ তৎপরতা দেখালেও লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বিরুদ্ধে অভিযোগের ক্ষেত্রে তারা কোনো পদক্ষেপ গ্রহণ করে না। প্রশাসনের পক্ষ থেকে পাহাড়িদের জমি দখলমুক্ত করার কোনো উদ্যোগ নেওয়া হয়নি, বরং প্রতি পরিবারকে মাত্র পাঁচ একর জায়গা নিয়ে বাকি জায়গা রাবার কোম্পানিকে ছেড়ে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। আদিবাসীরা সংগত কারণেই এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন।

বিবৃতিতে বলা হয়, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড দাবি করেছে, তাদের নামে ১ হাজার ৬০০ একর সম্পত্তি লিজ রয়েছে। কিন্তু বাস্তবে তার চেয়ে অনেক বেশি ভূমি তারা দখলে রেখেছে, যা সাধারণ পরিদর্শনে স্পষ্ট হয়।

বিবৃতিতে বলা হয়, লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অংশীদারের সংখ্যা ৬৪ জন। যা কোম্পানি আইন ১৯৯৪ এবং অফিস অব দ্য রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের কোম্পানির নিবন্ধনসংক্রান্ত নীতিমালার লঙ্ঘন। বান্দরবান জেলা পরিষদের গঠিত কমিটির ২৯ মের রিপোর্টে লিজকৃত জমিতে ২৫ বছর অতিবাহিত হওয়ার পরও কোনো রবারগাছ রোপণ করা হয়নি উল্লেখ করে লিজ বাতিলের যে সুপারিশ করেছে, তা এখনো প্রতিপালিত হয়নি। ৬৪ জন অংশীদারের মধ্যে বেশ কয়েকজন আগে বান্দরবান জেলা প্রশাসকসহ প্রশাসনিক ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন। ফলে লিজ পাওয়ার ক্ষেত্রে স্বার্থের দ্বন্দ্বের বিষয়টি স্পষ্ট। শুধু তা–ই নয়, তাঁদের মধ্যে কয়েকজনের পরিবারের একাধিক সদস্য ১৯৯১ সাল থেকে ১৯৯৬ সালের মধ্যে ২৫ একর করে ভূমি লিজ পেয়েছেন। সরকারি দায়িত্বে থাকা অবস্থায় কী বিবেচনায় তাঁরা এ সম্পত্তি লিজ পেয়েছেন, তা বোধগম্য নয়। বরং এমন বরাদ্দ ক্ষমতার অপব্যবহার ও বেআইনি বলে প্রতীয়মান।

বিবৃতিতে তিন দফা দাবি তুলে ধরা হয়। এর মধ্যে আছে ম্রো এবং ত্রিপুরা আদিবাসীদের ভূমিসহ সব আইনি ও প্রথাগত অধিকার নিশ্চিত করা এবং তাঁদের বিরুদ্ধে করা উদ্দেশ্যপ্রণোদিত ও মিথ্যা মামলা প্রত্যাহার, প্রতারণামূলকভাবে ও ক্ষমতার অপব্যবহার করে নেওয়া লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের লিজ বাতিল, দোষী ব্যক্তিদের বিচারের আওতায় আনা এবং লামা রাবার ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অপরাধমূলক কর্মকাণ্ডেরÐবিচার বিভাগীয় তদন্ত করে অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করা।

বিবৃতিতে স্বাক্ষর করেন সুলতানা কামাল, সালেহ উদ্দিন আহমেদ, পারভীন হাসান, খুশী কবির, আনু মুহাম্মদ, জেড আই খান পান্না,  ইফতেখারুজ্জামান, রানা দাশগুপ্ত, সুব্রত চৌধুরী, কাজল দেবনাথ, তবারক হোসেইন, আবুল বারকাত, শামসুল হুদা, মেঘনা গুহঠাকুরতা, স্বপন আদনান, শহিদুল আলম, রাহনুমা আহমেদ, সৈয়দা রিজওয়ানা হাসান, জাকির হোসেন, শাহনাজ হুদা, সঞ্জীব দ্রং, মোহাম্মদ তানজিম উদ্দিন খান, সুমাইয়া খায়ের, সামিনা লুৎফা, মো. নুর খান, রেজাউল করিম চৌধুরী, খাইরুল ইসলাম চৌধুরী, পারভেজ হাসিম, জোবাইদা নাসরীন, জ্যোতির্ময় বড়ুয়া, তাসনীম সিরাজ মাহবুব, ফারাহ তানজীন, দীপায়ন খীসা, লেলুং খুমি, হানা শামস্ আহমেদ ও মাহমুদ রহমান।