দেশে প্রাপ্তবয়স্কদের ১৮ শতাংশ এবং কিশোর-কিশোরীদের ১৩ শতাংশ মানসিক সমস্যায় ভুগছে। স্বাস্থ্য বিভাগের অগ্রাধিকারের তালিকায় নেই মানসিক সমস্যা।

দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আইন, নীতি ও কর্মকৌশল আছে। অথচ মানসিক স্বাস্থ্য নিয়ে কথা যত হচ্ছে, কাজ তত এগোচ্ছে না। বিশেষজ্ঞরা বলছেন, পৃথক কর্মপরিকল্পনা বা প্রাতিষ্ঠানিক কাঠামো ছাড়া বর্তমান অবস্থার পরিবর্তন হবে না।
২০১৮-১৯-এ জাতীয় মানসিক স্বাস্থ্য জরিপ বলছে দেশে ১৮ বছরের বেশি বয়সী মানুষের ১৭ শতাংশ কোনো না কোনো মানসিক রোগে আক্রান্ত। এসব ব্যক্তির ৯২ শতাংশ চিকিৎসা নেন না।
মানসিক রোগ বাংলাদেশের জন্য বড় ধরনের জনস্বাস্থ্য সমস্যা হয়ে দেখা দিয়েছে। বিভিন্ন জরিপ ও গবেষণার তথ্য বলছে, করোনা মহামারির কারণে সারা বিশ্বের মতো বাংলাদেশের মানুষের মানসিক চাপ বেড়েছে, মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাম্প্রতিক মাসগুলোতে অর্থনৈতিক টানাপোড়েনে মানুষ আরও বিপর্যস্ত হয়ে পড়েছে।এই পরিস্থিতিতে আজ সোমবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হচ্ছে। দিবসটির এ বছরের প্রতিপাদ্য ‘সবার জন্য মানসিক স্বাস্থ্য ও ভালো থাকাটাই হোক বৈশ্বিক অগ্রাধিকার।’
একাধিক জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও মানসিক রোগ বিশেষজ্ঞের সঙ্গে কথা বলে জানা গেছে, মানসিক স্বাস্থ্য বিষয়ে আইন ও নীতির কমতি নেই। অন্য কোনো রোগ নিয়ে এমনটি দেখা যায় না। যেমন, ‘মানসিক স্বাস্থ্য আইন ২০১৮’ পাস হয়েছে জাতীয় সংসদে। আছে ‘মানসিক স্বাস্থ্য নীতিমালা ২০২২’। এ ছাড়া আছে ‘জাতীয় মানসিক স্বাস্থ্য কর্মকৌশল ২০২২’।
খোঁজ নিয়ে জানা গেছে, মানসিক স্বাস্থ্যের উন্নতিতে কাজ করছে স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখা। এই শাখা একটি অপারেশনাল প্ল্যান বা কর্মপরিকল্পনার মাধ্যমে বিভিন্ন অসংক্রামক রোগের বিষয়ে কাজ করে। এর মধ্যে আছে: হৃদ্রোগ, কিডনি রোগ, উচ্চ রক্তচাপ, ক্যানসার, ডায়াবেটিস ইত্যাদি। এসব রোগের সঙ্গে মানসিক স্বাস্থ্যের বিষয়টিও দেখা হয়।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, অসংক্রামক নিয়ন্ত্রণ শাখার কর্মপরিকল্পনায় অনেক সমস্যার ভিড়ে মানসিক স্বাস্থ্যের গুরুত্ব অনেকটাই ম্লান হয়ে গেছে। মানসিক স্বাস্থ্যের যে অগ্রাধিকার থাকার কথা তা সেখানে নেই।
মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ এবং জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সহযোগী অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘মানসিক স্বাস্থ্যের জন্য সম্পূর্ণ পৃথক কর্মপরিকল্পনা দরকার।’
বিশেষজ্ঞরা বলছেন, দেশে মানসিক সমস্যায় আক্রান্তের সংখ্যা বাড়ছে। মানসিক রোগীর চিকিৎসায় জনবলের ঘাটতি আছে। মানসম্পন্ন চিকিৎসার জন্য প্রতিষ্ঠানেরও কমতি আছে। এ ছাড়া প্রতিরোধ কর্মসূচিও তেমন নেই। মানসিক রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, চিকিৎসা প্রতিষ্ঠান গড়ে তোলা, প্রশিক্ষিত জনবল তৈরি করা—এসবের জন্য আপাতত পৃথক কর্মকৌশল দরকার।
অধ্যাপক হেলাল উদ্দিন আহমেদ আরও বলেন, ‘আমরা আপাতত পৃথক কর্মকৌশল নিয়ে ভাবতে পারি বা যাত্রা শুরু করতে পারি। তবে চূড়ান্তভাবে আমাদের একটি পৃথক অধিদপ্তরের কথাই ভাবতে হবে।
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আজ অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ শাখার উদ্যোগে দেশের বিভিন্ন জেলায় আলোচনা ও র্যালির আয়োজন করা হয়েছে।