
এ বছরের স্প্রিং সেমিস্টারে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)-তে ভর্তি হওয়া প্রায় ৯০০ শিক্ষার্থীর মধ্যে ৪৪ শতাংশই নারী। গত বৃহস্পতিবার (২৬ জানুয়ারি ২০২৩) ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত আইইউবির নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত স্প্রিং ২০২৩ সেমিস্টারের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয়। অনুষ্ঠানটি আয়োজন করে আইইউবির অ্যাডমিশনস অ্যান্ড ফিন্যান্সিয়াল এইড অফিস।
একই অনুষ্ঠানে ‘লুম্বিনি ফেলোশিপ’ শিরোনামের শিক্ষার্থী বিনিময় কর্মসূচির আওতায় দুই সেমিস্টারের জন্য আইইউবিতে আনুষ্ঠানিকভাবে যোগ দেন বান্দরবান বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী প্রীতি তঞ্চঙ্গ্যা এবং আ আ মোই মারমা। পার্বত্য চট্টগ্রাম-ভিত্তিক তৈরি পোশাক উৎপাদনকারী প্রতিষ্ঠান লুম্বিনি লিমিটেডের আর্থিক সহায়তায় চার বছরের জন্য এই কর্মসূচির সূচনা করেছে আইইউবি এবং দেশের একমাত্র পাবলিক-প্রাইভেট-পার্টনারশিপ ভিত্তিক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বান্দরবান বিশ্ববিদ্যালয়। বাংলাদেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে এটিই প্রথম শিক্ষার্থী বিনিময় কর্মসূচি।
ওরিয়েন্টেশন অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন স্বনামধন্য লেখক এবং প্রথম আলোর ব্যবস্থাপনা পরিচালক আনিসুল হক। আরও বক্তব্য রাখেন আইইউবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুল হাই সরকার, উপাচার্য তানভীর হাসান, উপউপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান, রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আনোয়ারুল ইসলাম, স্কুল অব বিজনেস অ্যান্ড এন্ট্রাপেনারশিপের ডিন অধ্যাপক মেহেরুন আহমেদ, স্কুল অব এনভায়রনমেন্ট অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন অধ্যাপক শাহ এম ফারুক, স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন অধ্যাপক তৈয়েবুর রহমান, স্কুল অব ফার্মেসি অ্যান্ড পাবলিক হেলথের ডিন অধ্যাপক জে এম এ হান্নান ও স্কুল অব ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস-এর অন্তর্বর্তীকালীন ডিন মাহাদী হাসান।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন অ্যাডমিশনস অ্যান্ড ফিন্যান্সিয়াল এইড-এর প্রধান লিমা চৌধুরী। সংগীত পরিবেশন করে আইইউবি মিউজিক ক্লাবের সদস্যবৃন্দ।