
মনে মনে যা চেয়েছেন, যা কল্পনায় ভেবেছেন, সেটিই নিজের লেখা বই ‘শুধু মাধবীর জন্য’তে তুলে ধরেছেন বলে জানিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। আজ শুক্রবার বিকেলে অমর একুশে বইমেলায় নিজের লেখা বই সর্ম্পকে এ কথা বলেন তিনি। এর আগে বেলা সাড়ে তিনটায় অন্যপ্রকাশ প্রকাশনীর স্টলের সামনে বইটির মোড়ক উম্মোচন করা হয়।
মো. আসাদুজ্জামান বলেন, ‘শুধু মাধবীর জন্য বইটি ড্রামাটিক মনোলগ (নাটকীয় স্বগতোক্তি), ১৮৫৫ সালে রবার্ট ব্রাউনিংয়ের কবিতার মধ্য দিয়ে এর যাত্রা শুরু হয়েছে। মাধবী লেখকের একাকিত্বের বন্ধন পেরিয়ে কল্পনায় কাউকে নিজের মনের কথা খোলাসা করে বলার একটা প্ল্যাটফর্ম। আমি সেটাই করেছি। মনে যা চেয়েছি, যা কল্পনায় ভেবেছি, আমি মাধবীতে সেটারই সংকলন করেছি। এটা সেই সংকলনেরই বই আকারে প্রকাশিত রূপ।’
বইমেলায় আইনমন্ত্রীর বইয়ের মোড়ক উন্মোচন ঘিরে পাঠকদের উৎসাহ–উদ্দীপনা দেখা যায়। এ নিয়ে প্রশ্নের জবাবে আইনমন্ত্রী আসাদুজ্জামান বলেন, ‘প্রত্যেকটা লেখকের জন্যই তাঁর পাঠক প্রেরণার উৎস। যাঁরা আমার বই কেনার জন্য ভিড় করেছেন, তাঁরা আমার পাঠক হবেন, এটা ভাবছি। সেটা আমার প্রেরণার উৎস হয়ে থাকছে।’
‘শুধু মাধবীর জন্য’ বইটি প্রকাশ প্রসঙ্গে অন্যপ্রকাশের কর্ণধার প্রকাশক মাজহারুল ইসলাম বলেন, আসাদুজ্জামান লেখক এবং রাজনৈতিক কর্মী। মাধবী ওনার একটি কাল্পনিক চরিত্র। এই চরিত্র নিয়ে উনি দীর্ঘদিন ধরেই গদ্য লিখে আসছেন। প্রায় ২৪৩টির মতো গদ্য লিখেছেন, চিঠি লিখেছেন মাধবীকে। সেই মাধবীকে নিয়ে লেখা চিঠিগুলোর ১২৫টি চিঠি নিয়ে ‘শুধু মাধবীর জন্য’ বইয়ের প্রথম খণ্ড প্রকাশিত হলো। পরবর্তী সময়ে হয়তো আরেকটা খণ্ড প্রকাশিত হবে।
‘শুধু মাধবীর জন্য’ বইয়ের চিঠিগুলোতে কী আছে—এ প্রশ্নের জবাবে মাজহারুল ইসলাম বলেন, ‘সেই চিঠিগুলোর মধ্যে নানা বিষয় আছে। সেখানে আছে প্রেম-ভালোবাসা, আবেগ, দেশের কথা, রাজনীতির কথা, সাহিত্যের কথা, মানুষের দহনের কথা বা মানুষের ভালো লাগার অনুভূতি।’