সালমান এফ রহমান
সালমান এফ রহমান

জনতা ব্যাংকের ১৩৭ কোটি টাকা আত্মসাৎ

সালমান এফ রহমানকে দুদকের জিজ্ঞাসাবাদ

জনতা ব্যাংক থেকে প্রায় ১৩৭ কোটি টাকা ঋণ নিয়ে আত্মসাৎ ও বিদেশে পাচারের অভিযোগে কারাবন্দী বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রোববার বিকেলে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সালমান এফ রহমানকে দুদকের প্রধান কার্যালয়ে নেওয়া হয়। দুদকের মহাপরিচালক আক্তার হোসেন সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৬ জানুয়ারি ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ এই মামলায় সালমান এফ রহমানের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদকের কৌঁসুলি মীর আহমেদ আলী সালাম জানান, শুনানিতে তাঁরা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড আবেদনে বলা হয়, সালমান এফ রহমান ক্ষমতার অপব্যবহার করে ‘স্কাইনেট অ্যাপারেলস’ নামের একটি প্রতিষ্ঠানের নামে ভুয়া ঋণ ও অ্যাকোমোডেশন বিল তৈরি করে ১৩৭ কোটি টাকা বিদেশে পাচার করেছেন।

আবেদনে আরও উল্লেখ করা হয়, এই জালিয়াতির সঙ্গে তাঁর ছেলে ও ভাতিজার মালিকানাধীন দুবাইভিত্তিক প্রতিষ্ঠানের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

বর্তমানে অন্য মামলায় কারাগারে থাকা সালমান এফ রহমানকে এই মামলায় হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন বলে জানায় দুদক।

এই মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন সালমান এফ রহমানের ছেলে আহমেদ শায়ান ফজলুর রহমান, ভাই সোহেল এফ রহমান এবং সোহেলের ছেলে আহমেদ শাহরিয়ার রহমান। বর্তমানে ১৮টি মামলায় গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন সালমান এফ রহমান।

গত বছরের ৩ নভেম্বর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানসহ ২২ জনের বিরুদ্ধে মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. মাহবুব মোর্শেদ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৪ সালের ১৩ আগস্ট সালমান এফ রহমানকে গ্রেপ্তারের কথা জানায় পুলিশ। তখন থেকেই তিনি কারাগারে আছেন।