
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় পুরোনো দ্বন্দ্বের জের ধরে স্বেচ্ছাসেবক দলের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার ত্রিশকাহনিয়া এলাকার এ ঘটনায় আজ শনিবার দুপুরে রূপগঞ্জ থানায় হত্যা মামলা হয়েছে।
নিহত ব্যক্তির নাম আজাহার হোসেন (৪৭)। তিনি পৌরসভার নরাবটেক এলাকার আবদুল খালেকের ছেলে। পেশায় সিএনজিচালক আজাহার পৌর স্বেচ্ছাসেবক দলের ৯ নম্বর ওয়ার্ডের সহসভাপতি ছিলেন।
এসব তথ্য নিশ্চিত করে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন জানান, এ ঘটনায় আজ দুপুরে চারজনকে আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেছেন নিহত ব্যক্তির ছেলে মেহেদী হাসান। মামলার আসামিরা হলেন ত্রিশকাহনিয়া এলাকার মুগল খন্দকারের ছেলে রাজীব (৪৫), আলমগীর মোল্লার ছেলে হাসান (৩৫), টেকপাড়ার প্রয়াত আবু সাঈদের ছেলে মিলন (৪০) ও চাঁদেরটেকের দারোগ আলীর ছেলে আবুল (৪২)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে বাদীর বাবা আজাহারের পুরোনো বিরোধ ছিল। গতকাল বিকেল সোয়া পাঁচটার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাদীর বাবাকে এলোপাতাড়ি কিল-ঘুষি ও চড়থাপ্পড় মারলে তিনি জ্ঞান হারান। পরে তাঁকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ওসি সবজেল হোসেন বলেন, অভিযুক্ত ব্যক্তিদের সঙ্গে নিহত ব্যক্তির পুরোনো বিরোধ ছিল। ওই দ্বন্দ্বের জের ধরে তর্ক বাড়ে এবং হাতাহাতির ঘটনাটি ঘটে। বিষয়টি নিয়ে বিস্তারিত তদন্ত করছে পুলিশ। আজ বিকেল পাঁচটা পর্যন্ত এ ঘটনায় কেউ গ্রেপ্তার হননি।