বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস

প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায় জামিন পেলেন মির্জা আব্বাস

এবার প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রাজধানীর রমনা থানায় করা মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস জামিন পেয়েছেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত তাঁর জামিন আবেদন মঞ্জুর করেছেন। এ নিয়ে মির্জা আব্বাসের বিরুদ্ধে গত ২৮ অক্টোবরের পর করা ১১টি মামলার মধ্যে ১০টি মামলায় তিনি জামিন পেয়েছেন।

মির্জা আব্বাসের আইনজীবী মহিউদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবরের পর রাজধানীর পল্টন থানায় মির্জা আব্বাসের বিরুদ্ধে ছয়টি মামলা হয়। আর রমনা থানায় মামলা হয় চারটি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে ঢাকা রেলওয়ে থানায় আরও একটি মামলা হয়। এর মধ্যে প্রধান বিচারপতির বাসভবনে হামলায় জড়িত অভিযোগে করা মামলায় আজ জামিন পেয়েছেন মির্জা আব্বাস।

মহিউদ্দিন চৌধুরী আরও বলেন, ঢাকা রেলওয়ে থানায় করা মামলা ছাড়া অপর ১০টি মামলায় জামিন পেয়েছেন মির্জা আব্বাস। গত ৩১ অক্টোবর তিনি গ্রেপ্তার হন।

সব মামলায় জামিন আলালের
গত ২৮ অক্টোবর রাজধানীর নয়াপল্টনে বিএনপির মহাসমাবেশ ঘিরে সংঘর্ষের ঘটনায় পল্টন থানার চারটি মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে আসামি করা হয়। পরে তিনি সব মামলা থেকেই জামিন পান। কিন্তু গত ৩১ ডিসেম্বর মোয়াজ্জেমকে পুরোনো একটি নাশকতার মামলায় তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়।

মোয়াজ্জেম হোসেনের আইনজীবী তাহেরুল ইসলাম প্রথম আলোকে বলেন, পুরোনো নাশকতার যে মামলায় তাঁর (মোয়াজ্জেম) কারাদণ্ড হয়েছিল, সেই মামলায় আজ তিনি ঢাকার মহানগর দায়রা আদালত থেকে জামিন পেয়েছেন। সব মামলায় জামিন হওয়ায় তাঁর কারামুক্তিতে আর কোনো বাধা নেই। পল্টন থানার একটি মামলায় গত ৩১ অক্টোবর শাহজাহানপুরের একটি বাসা থেকে মোয়াজ্জেম হোসেনকে গ্রেপ্তার করে ডিবি।

পাঁচ মামলায় শামসুজ্জামানের জামিন
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু গত ৫ নভেম্বর গ্রেপ্তার হন। গত ২৮ অক্টোবরের পর তাঁর বিরুদ্ধে ১০টি মামলা হয়েছে। আজ তিনি পৃথক পাঁচ মামলায় ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে জামিন পেয়েছেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন তাঁর আইনজীবী শাহীন ইকবাল।

আইনজীবী শাহীন ইকবাল প্রথম আলোকে বলেন, গত ২৮ অক্টোবরের পর শামসুজ্জামানের বিরুদ্ধে পল্টন থানায় মামলা হয় মোট ৫টি। আর রমনা থানায় মামলা হয় মোট চারটি। এ ছাড়া তাঁর বিরুদ্ধে বাড্ডা থানায় একটি মামলা হয়েছিল। আজ তিনি পল্টন থানার একটি মামলা, বাড্ডার একটি এবং রমনা থানার তিনটি মামলা থেকে জামিন পান।