কচুরিপানাসহ ভাসমান বর্জ্য পরিষ্কারের যন্ত্রটি প্রথমে ঢাকা উত্তর সিটি করপোরেশনকে পরীক্ষা করে দেখতে দেওয়া হয়েছিল। পরীক্ষায় দেখা যায়, যন্ত্রটি কাজ করছে না। পরে মন্ত্রী-মেয়রের উপস্থিতিতে যন্ত্রটি ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বুড়িগঙ্গা আদি চ্যানেলে নামানো হয়। সেখানেও এটি কাজ করেনি। এরপর চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি পুকুরে যন্ত্রটি পরীক্ষা করেও একই ফল পাওয়া যায়।
তিন জায়গায় অকার্যকর হলেও ৫০ কোটি টাকা দামের এমন আটটি যন্ত্র এনেছে স্থানীয় সরকার বিভাগ। বর্জ্য পরিষ্কার করা এই যন্ত্রের নাম ‘উইড হারভেস্টার’। মন্ত্রণালয় থেকে জানানো হয়, আধুনিক পদ্ধতিতে সব ধরনের ভাসমান বর্জ্য ও কচুরিপানা পরিষ্কার করে তা ডাম্পিং করবে এই যন্ত্র। জলে–স্থলে চলতে পারা এই যন্ত্র জার্মানি থেকে আমদানি করা হয়েছে বলে দাবি করা হয়।
তবে মন্ত্রণালয়ের আমদানি করা ‘অচল’ এই যন্ত্র এখন ঢাকার দুই সিটি ও চট্টগ্রাম সিটি করপোরেশন নিতে চাইছে না।
অভিযোগ রয়েছে, আগেও অকার্যকর যন্ত্র কিনে বিভিন্ন সিটি করপোরেশনকে গছিয়ে দিয়েছিল স্থানীয় সরকার মন্ত্রণালয়। সেগুলো এখন পড়ে আছে।
চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় ৭ আগস্ট আগাছা পরিষ্কার করার যন্ত্রটি পুকুরে নামানো হয়। সেখানে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এই যন্ত্র পরীক্ষা করার মতো জলাশয় চট্টগ্রাম সিটি এলাকায় নেই। খোঁজখবর নিয়ে ব্যক্তিমালিকানাধীন পুকুরে যন্ত্রটি নামানো হয়। কিন্তু যন্ত্রটি আর ওঠানো যাচ্ছিল না। অথচ জলে–স্থলে এটি চলে বলে জানানো হয়েছিল। কোনো কাজে না এলেও তাদের ছয়টি যন্ত্র দেওয়া হয়েছে।
স্থানীয় সরকার মন্ত্রণালয় ও ঢাকার দুই সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, বর্জ্য ব্যবস্থাপনা খাতে সরকার প্রতিবছর জাতীয় বাজেট থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কিছু বরাদ্দ দেয়। এসব টাকা দিয়ে মন্ত্রণালয় ইচ্ছেমতো যান–যন্ত্র কেনে। কোনো দরপত্র ছাড়াই এসব কেনা হয়।
কেনাকাটায় অনিয়ম
মন্ত্রণালয় সূত্র বলছে, সরাসরি ক্রয় প্রক্রিয়ার মাধ্যমে উইড হারভেস্টার কেনা হয়েছে। এই যন্ত্র কেনার আগে প্রতিনিধি পাঠিয়ে পরীক্ষাও করা হয়নি। এমনকি দেশে এই যন্ত্রের ন্যূনতম কার্যকারিতা আছে কি না, তা–ও দেখা হয়নি।
নাম প্রকাশ না করার শর্তে যন্ত্রটির কার্যকারিতা পরীক্ষার সঙ্গে যুক্ত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, এসব যন্ত্র অনেক প্রতিষ্ঠান তৈরি করে। তাই এটি ডিপিএম পদ্ধতিতে (বিনা প্রতিযোগিতায়) কেনা উচিত হয়নি। এসব যন্ত্রের দাম নিয়ে দেশে কারও ধারণা ছিল না। তাই ইচ্ছেমতো দাম দিয়ে এই যন্ত্র কেনা হয়েছে।
আরেকজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, যে প্রতিষ্ঠানকে দিয়ে এই যন্ত্র কেনা হয়েছে, সেটি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কালো তালিকাভুক্ত। মন্ত্রীর ইচ্ছায় ওই প্রতিষ্ঠানের মাধ্যমে এই যন্ত্র কেনা হয়েছে।
তবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম বলেন, তাঁর পছন্দের প্রতিষ্ঠানকে দিয়ে এসব যন্ত্র কেনা হয়নি। এই প্রতিষ্ঠান কালো তালিকাভুক্ত কি না, সেটি তিনি জানতেন না।
জানা গেছে, সাধারণত এ ধরনের যন্ত্র দেশে আনার পর প্রি–ডেলিভারি ইন্সপেকশন করতে কমিটি করা হয়। এবারও কমিটি করা হয়েছিল। কমিটি প্রতিবেদনে বলেছে, ভাসমান কচুরিপানা অপসারণে এই যন্ত্র যেভাবে কাজ করার কথা, সরেজমিনে তাঁরা সেভাবে কাজ করতে দেখেননি। জলাশয় থেকে নিজস্ব ক্ষমতায় উঠতে পারেনি। এমনকি সরবরাহকারী প্রতিষ্ঠান যন্ত্রটি জার্মানি থেকে আমদানির দাবি করলেও তারা এর সপক্ষে কোনো সনদ দেখাতে পারেনি।
পরে নিয়ম ভেঙে আরেকটি কমিটি করে মন্ত্রণালয়। কমিটির আহ্বায়ক স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) মলয় চৌধুরী প্রথম আলোকে বলেন, সরেজমিন পরীক্ষা করে তাঁরা যা দেখেছেন, প্রতিবেদনে তাই লিখবেন।
৩০ কোটি টাকার রোড সুইপারও অচল
এর আগে রাস্তাঘাটের ধুলা পরিষ্কার করতে স্থানীয় সরকার মন্ত্রণালয় ২০টি রোড সুইপার ট্রাক কিনে দেশের বিভিন্ন সিটি করপোরেশনকে দিয়েছিল।
জানা গেছে, ঢাকার দুই সিটি করপোরেশন রোড সুইপারগুলো ব্যবহার করছে না। কারণ, এই যন্ত্র রাস্তায় নামানো হলে ধুলা আরও বেশি ওড়ে। এসব সুইপার কিনতে খরচ হয়েছিল ২৯ কোটি ৭৫ লাখ টাকা।
সরেজমিনে দেখা গেছে, নগর ভবনের দক্ষিণ ফটকের সামনে দুটি রোড সুইপার পড়ে আছে। ঢাকা উত্তর সিটির রোড সুইপার পড়ে আছে গাবতলীর ওয়ার্কশপে। চট্টগ্রাম সিটির একজন কর্মকর্তা বলেন, রোড সুইপার দিয়ে সড়ক তেমন পরিষ্কার হয় না।
তবে স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম দাবি করেন, সিলেট সিটি করপোরেশন থেকে তাঁকে জানানো হয়েছে, রোড সুইপার ভালো কাজ করছে। ঢাকার দুই সিটিতে এই যন্ত্র চালানোর দক্ষ লোক নেই।
থামছে না অপচয়
বেশির ভাগ ক্ষেত্রে মন্ত্রণালয় থেকেই পছন্দের ঠিকাদার দিয়ে এসব অপ্রয়োজনীয় যন্ত্র কেনা হচ্ছে। এসব যন্ত্র কিনতে সিটি করপোরেশন উদ্যোগী হয়ে কোনো চাহিদাপত্রও দিচ্ছে না।
যেমন চট্টগ্রাম সিটি করপোরেশনের দায়িত্বশীল একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, মন্ত্রণালয় থেকে চিঠি দিয়ে বলা হয়েছিল, আগাছা পরিষ্কারের যন্ত্র কেনা হবে। এ জন্য সিটি করপোরেশনকে কোনো টাকা দিতে হবে না। এ জন্য তাঁরা নিতে আগ্রহী হয়েছিলেন। কিন্তু সিটি করপোরেশনের কাছ থেকে চাহিদা নিয়ে এমন অকেজো যন্ত্র কেনা হলে তো মন্ত্রণালয়ের উদ্দেশ্য নিয়েই প্রশ্ন ওঠে।
মন্ত্রণালয় সূত্র জানায়, এর আগে
মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশনগুলোকে দেওয়ার জন্য বেলারুশ থেকে যেসব যান–যন্ত্র কেনা হয়েছিল, তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। চড়া সুদে আবার সেখান থেকে যন্ত্র কেনার উদ্যোগ নেওয়া হচ্ছে।
মন্ত্রী তাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, যন্ত্রগুলো সরেজমিন পরীক্ষা করে দেখা হচ্ছে। এসব যন্ত্র কাজ না করলে ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। সরাসরি এসব যন্ত্র কেনার বিষয়ে মন্ত্রী বলেন, তিনি মন্ত্রণালয়ের দায়িত্ব নেওয়ার পর থেকেই এভাবে কেনাকাটা করতে দেখছেন। গুণগত মান নিশ্চিত না হলে এসব যন্ত্র সরবরাহের বিল দেওয়া হবে না বলেও জানান মন্ত্রী।
তবে ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের (আইপিডি) নির্বাহী পরিচালক আদিল মুহাম্মদ খান প্রথম আলোকে বলেন, বিদ্যমান আইন অনুযায়ী যেকোনো ধরনের যান–যন্ত্র কেনার আগে দেশে এর কার্যকারিতা পরীক্ষা করে দেখা উচিত। এসব না করে যন্ত্রপাতি নিয়ে আসা নিয়মের ব্যত্যয়। বিনা মূল্যে পেলেও দেখেশুনে সিটি করপোরেশনগুলোর চাহিদা দেওয়া উচিত।