ভূমিকম্প
ভূমিকম্প

ভোররাতে ঢাকায় মৃদু ভূমিকম্প

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মৃদু ভূমিকম্প হয়েছে। আজ রোববার ভোররাতে এই ভূমিকম্প হয় বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভূমিকম্পটি ভোররাত ৪টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে আঘাত হানে। রিখটার স্কেলে ৩ মাত্রার এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেট শহর থেকে পূর্ব–দক্ষিণ–পূর্ব এলাকা।

আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের কর্মকর্তা আবহাওয়াবিদ রোবায়েত কবির প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশে তিনটি ভূমিকম্পপ্রবণ এলাকা রয়েছে। যেমন উত্তর–পূর্ব অঞ্চলটি উচ্চ ঝুঁকির, মধ্যাঞ্চল মধ্যম ঝুঁকির আর পূর্বাঞ্চল নিম্ন ঝুঁকির। রোববারের ভূমিকম্পটির উৎপত্তি ভূমিকম্পের জন্য উচ্চ ঝুঁকির অঞ্চল সিলেটে।

রোবায়েত কবির বলেন, মৃদু এই ভূমিকম্প কোনো ফাটল থেকে হয়নি। এটি কয়টি জেলায় অনুভূত হয়েছে, সে তথ্য তাঁদের কাছে নেই।

এর আগে ২১ নভেম্বর হওয়া ভূমিকম্পে সারা দেশে নিহত হয় ১০ জন, আহত হয় ছয় শতাধিক। রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭।