
বেসরকারি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে শিক্ষকদের নিয়ে শিখনবিষয়ক একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ জুলাই ও ১১ আগস্ট ‘হাউ নট টু টিচ: এটিকেট ইন টিচিং’ শীর্ষক কর্মশালায় বিশ্ববিদ্যালয়টির বিভিন্ন বিভাগের শিক্ষকেরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পৃথক দুটি সেশনে স্কুলভিত্তিকভাবে কর্মশালা পরিচালনা করা হয়। কর্মশালায় চারটি স্কুলের শিক্ষকেরা অংশ নেন।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক আহমেদ তাজমীন কর্মশালা পরিচালনা করেন। কার্যকর শিক্ষাদানের উপায়, শিক্ষার্থীদের অনুপ্রাণিত করার উপাদান ও পাঠদানে করণীয় ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয় কর্মশালায়। এতে অংশ নেওয়া শিক্ষকেরা তাঁদের অভিজ্ঞতা বিনিময় করেন।