২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে ২২ হাজার আবেদনকারী গ্যাস-সংযোগের জন্য কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে টাকা জমা দেন।

রাউজান উপজেলার বাসিন্দা সুমন দাশ। ২০১৫ সালে বাড়িতে গ্যাস নিতে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিতে আবেদন করেন। কিন্তু সে বছরই সরকার ঘটা করে আবাসিক বাসাবাড়িতে গ্যাস–সংযোগ বন্ধ করে দেয়। এর ফলে সুমন দাশ তাঁর বাড়িতে আর গ্যাস নিতে পারেননি। আবেদনের ৯০ হাজার টাকাও তিনি ফেরত পাননি। এ টাকা আদৌ পাবেন কি না, তা–ও তাঁর জানা নেই।
শুধু সুমন নন, তাঁর মতো আরও অন্তত ২২ হাজার আবেদনকারী গ্যাস–সংযোগের জন্য বিতরণকারী সংস্থা কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের দ্বারস্থ হয়েছিলেন, জমা দিয়েছিলেন অন্তত ২৫ কোটি টাকা। কিন্তু ২০১৫ সাল থেকে সরকার আবাসিক বাসাবাড়িতে গ্যাস–সংযোগ বন্ধ করে দেওয়ায় তাঁরা আর সংযোগ পাননি। আবেদনকারী ব্যক্তিরা দিনের পর দিন কর্ণফুলীতে ঘুরেও জানতে পারেননি, তাঁরা আবেদনের টাকা ফেরত পাবেন কি না।
আবেদনকারী ও ঠিকাদারের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্যাস–সংযোগের জন্য কেউ জমা দিয়েছেন ১ লাখ টাকা, কেউ দিয়েছেন ৩০ হাজার। তবে কর্ণফুলীর দুই জ্যেষ্ঠ কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে জানান, ২৫ কোটি টাকা গ্রাহকেরা কর্ণফুলীতে জমা দিয়েছেন। তাঁদের টাকা কোম্পানি বিভিন্ন ব্যাংকে জমা রেখেছে। ২০১৩ থেকে ২০১৫ সালের মধ্যে এসব টাকা জমা পড়ে।
ব্যাংকে তাঁদের টাকা জমা রাখা হয়েছে। সেখান থেকে লভ্যাংশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। আর ভাগ–বাঁটোয়ারা করেন কর্তাব্যক্তিরা। যাঁদের টাকা জমা নেওয়া হয়েছে, তাঁদের অনতিবিলম্বে গ্যাস–সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।
আবেদনকারী ও ঠিকাদারদের অভিযোগ, এসব টাকা বছরের পর বছর ব্যাংকে রেখে লভ্যাংশ তুলছে কর্ণফুলী কর্তৃপক্ষ। ব্যাংক কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, গ্রাহকের ২৫ কোটি টাকা ব্যাংকে সঞ্চয়ী হিসাবের মাধ্যমে রাখলে বছরে সর্বনিম্ন ২ শতাংশ হারে সুদ আসবে। এতে কর্ণফুলী পাবে বছরে পাঁচ লাখ টাকা। অর্থাৎ ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত সাত বছরে সুদ আসবে ৩৫ লাখ টাকা।
প্রথম আলো ১৫ জনের আবেদনপত্র সংগ্রহ করেছে। এসব গ্রাহক জমা দিয়েছেন মোট ৫ লাখ ৪৯ হাজার ১৫১ টাকা, গড়ে দিয়েছেন ৩৬ হাজার ৬০০ টাকা করে। তাঁদের মধ্যে শাহাদাত রহমান নামের এক গ্রাহক থাকেন নগরের চান্দগাঁও এলাকায়। ২০১৫ সালের ৫ এপ্রিল তিনি ১৮টি দ্বৈত চুলার জন্য মোট ৩৪ হাজার ৩৩ টাকা জমা দেন।
নাম প্রকাশ না করার শর্তে ১০ জন গ্রাহক অভিযোগ করে বলেন, তাঁরা গ্যাস–সংযোগ পাবেন কি না, তা জানতে বেশ কয়েকবার কর্ণফুলীতে ধরনা দিয়েছেন। কিন্তু প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা তাঁদের সঙ্গে কোনো কথা বলেননি। উল্টো পেট্রোবাংলায় গিয়ে গ্যাস–সংযোগের বিষয়ে জানতে বলেন।
আবাসিক সংযোগসহ বর্ধিত চুলায় গ্যাস–সংযোগের দাবিতে বেশ কয়েকবার মানববন্ধন এবং সংবাদ সম্মেলন করেছে ঠিকাদার ও গ্রাহক ঐক্য পরিষদ। কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি মো. ইকরাম চৌধুরী প্রথম আলোকে বলেন, কর্তৃপক্ষ ২২ হাজার আবেদনকারীর কথা বললেও এ সংখ্যা ২৫ হাজার। এসব আবেদনকারীর টাকা ফেরত দেওয়া হচ্ছে না।
ব্যাংকে তাঁদের টাকা জমা রাখা হয়েছে। সেখান থেকে লভ্যাংশ পাচ্ছে প্রতিষ্ঠানটি। আর ভাগ–বাঁটোয়ারা করেন কর্তাব্যক্তিরা। যাঁদের টাকা জমা নেওয়া হয়েছে, তাঁদের অনতিবিলম্বে গ্যাস–সংযোগ দেওয়ার দাবি জানান তিনি।
কোম্পানির বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, ২০১০ সালে বাখরাবাদ গ্যাস সিস্টেমস লিমিটেডকে পুনর্বিন্যাস করে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডে রূপান্তর করা হয়। বর্তমানে কোম্পানির অধিভুক্ত এলাকা হলো চট্টগ্রাম নগর, সীতাকুণ্ড, মিরসরাই, হাটহাজারী, রাউজান, রাঙ্গুনিয়া, পটিয়া, বোয়ালখালী, আনোয়ারা, ফটিকছড়ি, কর্ণফুলী ও কাপ্তাই। এসব এলাকায় মোট গ্রাহক–সংযোগ রয়েছে ৬ লাখ ১ হাজার ৯১৪টি। এর মধ্যে গৃহস্থালি সংযোগ আছে ৫ লাখ ৯৭ হাজার ৫৬১টি, বাকিগুলো শিল্প-বাণিজ্যকসহ অন্য খাতে। চট্টগ্রামে দৈনিক গ্যাসের চাহিদা ৩১৫ মিলিয়ন ঘনফুট।
এ কোম্পানির নিয়ন্ত্রক সংস্থা হলো বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। জানতে চাইলে পেট্রোবাংলার চেয়ারম্যান নাজমুল আহসান প্রথম আলোকে বলেন, আবাসিক সংযোগ এখন বন্ধ রয়েছে। তবে আবাসিক গ্রাহক হতে যাঁরা আবেদন করেছিলেন, তাঁদের টাকার বিষয়ে কোম্পানিই সিদ্ধান্ত নেবে।
২০ হাজার গ্রাহকের আবেদন, তাঁরা সংযোগ পাবেন কি না, সংযোগ না দিলে টাকা ফেরত দেওয়া হবে কি না, কাউকে টাকা ফেরত দেওয়া হয়েছে কি না—এসব বিষয়ে জানতে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ মাজেদের কার্যালয়ে গেলেও তাঁর সঙ্গে দেখা করার অনুমতি মেলেনি। গত দুই মাসে পাঁচবার তাঁর কার্যালয়ে যান এ প্রতিবেদক। পরে এ ব্যাপারে গত ১৮ জুলাই প্রথম আলোর পক্ষ থেকে কোম্পানির দায়িত্বরত কর্মকর্তার কাছে তথ্য অধিকার আইনে তথ্য চাওয়া হয়। কিন্তু কর্তৃপক্ষ মামলার অজুহাতে কোনো তথ্য দেয়নি। ১১ আগস্ট প্রথম আলোর এ প্রতিবেদককে মেইলে তথ্য না দেওয়ার বিষয়টি জানান কোম্পানির উপমহাব্যবস্থাপক কবির উদ্দিন আহমদ। ই–মেইলে লেখেন, আবাসিক গ্রাহকের গ্যাস–সংযোগের বিষয়ে হাইকোর্টে একটি রিট পিটিশন বিচারাধীন। তাই আদালতের নির্দেশনা ছাড়া এসব বিষয়ে কোনো তথ্য প্রকাশ করা যাবে না।
জানা গেছে, ডিমান্ড নোটের পরিপ্রেক্ষিতে আবাসিকে জামানত ও ফির মাধ্যমে গ্যাস–সংযোগ দিতে নিষ্ক্রিয়তা চ্যালেঞ্জ করে গত বছরের ৪ অক্টোবর আদালতে রিট করা হয়। চট্টগ্রাম গ্যাস, বিদ্যুৎ ও পানির গ্রাহক ঐক্য জোটের সভাপতি আলমগীর নূর, মহাসচিব এ কে এম অলি উল্লাহ হক ও মো. নুরুল আলম নামের এক গ্রাহক রিটটি করেন।
কথা না বলা ও তথ্য না জানানোর বিষয়টির সমালোচনা করেছেন সচেতন নাগরিক কমিটি চট্টগ্রামের সাবেক সভাপতি দেলোয়ার মজুমদার। তিনি প্রথম আলোকে বলেন, কথা না বলা ও তথ্য না জানানোর মানে হচ্ছে কোম্পানিতে স্বচ্ছতার ঘাটতি আছে। এ টাকা কোথায় আছে, কীভাবে আছে, তা নিয়ে দুদকের অনুসন্ধান করা উচিত।