সময়ের মুখ

মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ আলাদা

চট্টগ্রাম নগরের ব্যস্ততম জামাল খান এলাকায় ফুটপাতে ২৩ জানুয়ারি রাতে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান নিয়ে কাতরাচ্ছিলেন মানসিক ভারসাম্যহীন এক নারী। বাসায় যাওয়ার পথে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের স্নাতক সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র প্রান্ত শর্মা (২২) ঘটনাটি দেখে পুলিশের জরুরি সেবা ‘৯৯৯’ নম্বরে কল দেন। নগরের কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামাল এসে ওই নারীকে হাসপাতালে নিয়ে যান। কলেজছাত্র প্রান্ত শর্মার সাক্ষাৎকার নিয়েছেন গাজী ফিরোজ।

প্রান্ত শর্মা
প্রান্ত শর্মা
প্রশ্ন

প্রথম আলো: কেমন আছেন?

প্রান্ত শর্মা: ভালো।

প্রশ্ন

প্রথম আলো: আপনাকে নিয়ে খবর হলো। পরিচিত মানুষ কী বলছে?

প্রান্ত শর্মা: সবাই আমাকে বাহবা দিচ্ছেন। পরিচিত ও অপরিচিত অনেকের কাছ থেকে ফোন পেয়েছি। তাঁরা বলছেন, এটি খুবই ভালো কাজ হয়েছে। সামনে এমন কাজে যাতে আরও এগিয়ে যাই।

প্রশ্ন

প্রথম আলো: আপনার মা-বাবা কী বলেছেন?

প্রান্ত শর্মা: বাবা, মা আমার এ কাজে বেশি খুশি হয়েছেন। তাঁরাও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ওই নারী ও তাঁর সন্তানকে দেখতে গেছেন। আমি নিজেও কয়েকবার গিয়েছি। নিয়মিত খোঁজ রাখতে আমার মা–বাবা আমাকে তাগিদ দিয়ে যাচ্ছেন।

প্রশ্ন

প্রথম আলো: পুলিশকে জানাতে গেলেন কেন।

প্রান্ত শর্মা: রাস্তাঘাটে আমরা অপ্রীতিকর অনেক কিছুই দেখি। কিন্তু প্রতিরোধে মানুষ সবকিছুতে এগিয়ে আসে না। সাহায্য চাইলেও পাওয়া যায় না। অহেতুক ঝামেলায় পড়ার ভয়ে ইচ্ছে থাকলেও মানুষ জড়াতে চান না। ফুটপাতে মানসিক ভারসাম্যহীন ওই নারীর সদ্য প্রসব হওয়া সন্তানটি নাড়ি জড়ানো অবস্থায় পড়ে ছিল। রক্তাক্ত হচ্ছিল ফুটপাত। পার্শ্ববর্তী হাসপাতালের সাহায্য চাইলে প্রথম অবস্থায় তারা এগিয়ে আসেনি। ঘটনাস্থলে থাকা লোকজনও কী করবেন, বুঝতে পারছিলেন না। নারী হওয়ায় আমি নিজেও তাঁকে ধরে হাসপাতালে নিয়ে যেতে পারছি না। এ কারণে সাহায্যের জন্য ৯৯৯–এ কল দিয়েছি।

প্রশ্ন

প্রথম আলো: ৯৯৯-এ কল দিলে পুলিশ আসে, সেটি কীভাবে জেনেছেন?

প্রান্ত শর্মা: প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে খবর পড়ে জানতে পারি।

প্রশ্ন

প্রথম আলো: ফোন করার পর ওপাশ থেকে কী বলেছিল?

প্রান্ত শর্মা: ‘আসসালামু আলাইকুম। আপনার কী সেবা করতে পারি।’—তাদের এ কথা শেষ করতে না করতেই আমি বলতে থাকি, জামাল খান এলাকায় মানসিক ভারসাম্যহীন এক নারী সন্তান প্রসব করেছেন। রক্তে লাল হয়ে গেছে ফুটপাত। এ কথা বলে আমি লাইন কেটে দিই। অপর প্রান্ত থেকে আমাকে আবার কল করা হয়। বলা হয়, এটি কি চট্টগ্রামের কোতোয়ালি থানায় পড়েছে। আমি বলি, হ্যাঁ। তখন আমাকে লাইনে রেখে কোতোয়ালি থানার ডিউটি অফিসারের সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়। ডিউটি অফিসারকে জামাল খান হাসপাতালের পাশের ফুটপাতের ঠিকানা বলি। তখন ডিউটি অফিসার কোতোয়ালি থানার এসআই মোস্তফা কামাল যাচ্ছেন বলে জানান।

প্রশ্ন

প্রথম আলো: কতক্ষণ পর পুলিশ এসেছিল?

প্রান্ত শর্মা: ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে এসআই মোস্তফা কামাল ঘটনাস্থলে আসেন। তাঁর উপস্থিতিতে পার্শ্ববর্তী হাসপাতালের নার্স নাড়ি কাটেন। পরে হাসপাতালের অ্যাম্বুলেন্সে করে আমি নিজে, পুলিশ সদস্যসহ কয়েকজন লোক ওই নারী ও তাঁর সন্তানকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করি। সেখান থেকে রাত তিনটায় বাসায় আসি।

প্রশ্ন

প্রথম আলো: কী ভেবে এগিয়ে গেলেন?

প্রান্ত শর্মা: মানুষ মানুষের জন্য। ওই নারীর জায়গায় আমার মা, বোন কিংবা কোনো আত্মীয় হতে পারতেন। তাঁদের জন্য যা করতাম, ওই নারীর জন্য মানুষ হিসেবে তা–ই করেছি। বেশি কিছু করতে পারিনি। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার সময় যে অবস্থায় ওই নারী ও তাঁর সন্তানকে দেখেছি, রক্ত–মাংসের একজন মানুষ হিসেবে কিছু না করে চলে যেতে পারিনি। মানুষের বড় পরিচয় মানুষই। জাতি, ধর্ম, বর্ণ যা–ই হোক।

প্রশ্ন

প্রথম আলো: এর আগে ৯৯৯-এ কখনো কল দিয়েছিলেন?

প্রান্ত শর্মা: না।

প্রশ্ন

প্রথম আলো: পরিবারে কে কে আছে?

প্রান্ত শর্মা: বাবা অমল কুমার ও মা বেবি রানী শর্মা।

প্রশ্ন

প্রথম আলো: পড়াশোনা শেষ করে ভবিষ্যতে কী ইচ্ছে?

প্রান্ত শর্মা: ব্যবসা করে নিজের পায়ে দাঁড়ানো। পাশাপাশি সমাজের গরিব অসহায় মানুষদের জন্য কিছু করা। মানুষের জন্য কিছু করতে পারার আনন্দ আলাদা।

প্রশ্ন

প্রথম আলো: আপনাকে ধন্যবাদ।

প্রান্ত শর্মা: প্রথম আলোকে ধন্যবাদ।