চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমুদ্রবিদ্যা ইনস্টিটিউটের (ইনস্টিটিউট অব মেরিন সায়েন্স) সহযোগী অধ্যাপক মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরী অনেক দিন ধরে কক্সবাজার জেলার উপকূলীয় এলাকার ভাঙন ও ভাঙন রোধের উপায় নিয়ে কাজ করছেন। সম্প্রতি তিনি কক্সবাজার সমুদ্রসৈকতে ভাঙনের কারণ নিয়ে কথা বলেছেন প্রথম আলোর সঙ্গে। ভাঙন রোধে করণীয় নিয়ে দিয়েছেন বিভিন্ন পরামর্শ। মোহাম্মদ শাহ নেওয়াজ চৌধুরীর সাক্ষাৎকারটি নিয়েছেন প্রথম আলোর চট্টগ্রাম অফিসের জ্যেষ্ঠ প্রতিবেদক সুজন ঘোষ।

প্রথম আলো: কক্সবাজার সমুদ্রসৈকতের ভাঙনের বিষয়টি কি নজরে এসেছে আপনার?
শাহ নেওয়াজ চৌধুরী: হ্যাঁ। কক্সবাজার সমুদ্রসৈকতের ভাঙনের বিষয়টি আমারও নজরে এসেছে। স্থানীয় লোকজনের সঙ্গে কথাও বলেছি এ বিষয়ে। তাঁদের অভিমত হচ্ছে, এবারের ভাঙন ব্যাপক। বিশেষ করে, পর্যটকেরা যেসব জায়গায় যান, সেখানে অন্যান্য বছরের তুলনায় ভাঙনের প্রবণতায় ভিন্নতা দেখা যাচ্ছে এবং তা অনেক ভয়াবহ।
প্রথম আলো: কী কী কারণে এই ধরনের ভাঙন হতে পারে বলে আপনার ধারণা?
শাহ নেওয়াজ চৌধুরী: আসলে অনেকগুলো কারণে সৈকতে ভাঙন হতে পারে। বর্তমানে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। সমুদ্রপৃষ্ঠে তাপমাত্রা বৃদ্ধির কারণে নিম্নচাপ তৈরি হয়। আর আগের তুলনায় নিম্নচাপ তৈরি হচ্ছে বেশি। এর ফলে উপকূলে যে ঢেউ আছড়ে পড়ছে, তা অনেক শক্তিশালী হয়। এখন ঢেউয়ের তীব্রতা ও শক্তি অন্য যেকোনো সময়ের তুলনায় অনেক বেড়েছে। এখন ঢেউগুলো অনেক শক্তি নিয়ে উপকূলে আছড়ে পড়ছে। এতে উপকূলে, বিশেষ করে, সৈকত এলাকায় যেখানে পানি খেলা করে সেখানে ঢেউয়ের তোড়ে বালু সরে যাচ্ছে।
এ ছাড়া মানবঘটিত কারণও উড়িয়ে দেওয়া যাবে না। বাংলাদেশের উপকূলে পলি আর বালু জমা হওয়ার একটি স্বাভাবিক প্রক্রিয়া আছে। শীতের মৌসুমে সৈকতে বালু জমা হয়। বর্ষা মৌসুমে সাগর যখন উত্তাল হয় তখন বালু সরে যায়। এখন আমার ধারণা, এই সাম্যাবস্থাকে আমরা ব্যাহত করেছি। হয়তো কোনো একটি জায়গায় আমরা বালু আটকে ফেলছি। যে কারণে প্রাকৃতিকভাবে যে বালু জমা হওয়ার কথা তা হচ্ছে না।
প্রথম আলো: আর কোনো কারণ রয়েছে বলে মনে হয়?
শাহ নেওয়াজ চৌধুরী: হ্যাঁ। আরও কিছু কারণ হতে পারে। এখন কক্সবাজারে প্রচুর উন্নয়নকাজ চলছে। সেখানে ভরাটের বিষয় রয়েছে। আমাদের একটু খতিয়ে দেখা দরকার, উন্নয়নকাজের কারণে হয়তো সমুদ্রের কোনো এক জায়গা থেকে বেশি খনন করে বালু উত্তোলন করা হচ্ছে। এতে স্বাভাবিক নিয়মে বালুর জমা হওয়া কিংবা ক্ষয়ে যাওয়ার কথা ছিল, তা বাধাগ্রস্ত হচ্ছে। সংকটে পড়ছে।
প্রথম আলো: জিও টিউব দিয়ে সৈকত রক্ষার কাজ চলছে। এটি কতটুকু কার্যকর?
শাহ নেওয়াজ চৌধুরী: জিও টিউব দেওয়া একটি প্রাথমিক প্রতিরক্ষার কাজ। সৈকতের কোনো এক জায়গায় ভেঙে যাচ্ছে, ঢেউয়ের তীব্রতা প্রশমনের জন্য এগুলো দেওয়া হয়। এগুলো ঢেউ প্রতিরোধক হিসেবে কাজ করে। তবে একটি বিষয় মাথায় রাখা দরকার, জিও টিউব কক্সবাজারের উপকূলের অনেক জায়গায় দেওয়া হয়েছে। এগুলো প্রাথমিক পদক্ষেপ। স্থায়ী কোনো কাজ নয়। কিন্তু এটার ছোটখাটো একটি কারিগরি ত্রুটি আছে। কোন জায়গায় এই টিউব ব্যবহার করছি, তা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ, ঢেউ যখন এর গায়ে পড়ে তখন ঢেউয়ের শক্তি চারপাশে ছড়িয়ে পড়ে।
সৈকতে যদি কোনো বস্তু পড়ে থাকে, সেটি যদি পাথরও হয়, তখন ঢেউয়ের তোড়ে চারপাশ থেকে বালু সরে যায়। এখন জিও টিউব নির্দিষ্ট জায়গায় বসানোর কথা। যদি তা না করে একেবারে উপকূল ঘেঁষে তা বসানো হয় তাহলে ঢেউ সেখানে আঘাত করে আশপাশের জায়গা তছনছ করে দেবে।
আমি প্রকৌশলী নই, সমুদ্রবিজ্ঞানী। আমি যতটুকু বুঝি, জিও টিউব ব্যবহার করা উচিত ঢেউ প্রতিরোধক হিসেবে। এখন যদি উপকূল থেকে দূরে গিয়ে জিও টিউব দেওয়া হয় তাহলে তা ঢেউ প্রতিরোধক হিসেবে কাজ করবে। উপকূলে আমাদের মেরিন ড্রাইভ, সেটি নিরাপদ করার জন্য যদি তার গোড়ায় জিও টিউব দেওয়া হয় তাহলে অমাবস্যা-পূর্ণিমার সময় জোয়ারের উচ্চতা বৃদ্ধি পায়, তখন তা সরাসরি এসে আঘাত করবে এবং আশপাশের আরও বেশি ক্ষতি করবে। সে জন্য আমাদের ঢেউকে আরও আগে প্রশমিত করে ফেলতে হবে।
প্রথম আলো: এভাবে প্রশমিত করার কোনো প্রাকৃতিক উপায় আছে?
শাহ নেওয়াজ চৌধুরী: আছে। আমরা কক্সবাজারের উপকূলের ভাঙন রোধে ঝিনুকের তৈরির প্রাচীরের মতো জৈবপ্রকৌশল প্রযুক্তি নিয়ে কাজ করছি। ঝিনুক প্রাকৃতিকভাবেই ‘জীবন্ত বাঁধ’ হিসেবে কাজ করে। ঝিনুকগুলোর বৈশিষ্ট্য আছে, এটার ওপর যত বড় শক্তিই আছড়ে পড়ুক না কেন, সে এই শক্তি বাধা দিতে পারে। সেন্ট মার্টিনে ঢেউয়ের গতি বেশি। কিন্তু সেখানেও ঝিনুকগুলো দিব্যি বেঁচে আছে। গতি সহ্য করতে পারে।
প্রথম আলো: কক্সবাজার সমুদ্রসৈকতের এমন অবস্থার জন্য প্রশাসন বা সরকারের ভূমিকাকে কীভাবে দেখছেন?
শাহ নেওয়াজ চৌধুরী: ইউরোপে গবেষণার সুযোগ হয়েছিল আমার। সেখানে দেখেছি এই ধরনের সৈকতের সুরক্ষায় সেখানকার সরকার খুবই সক্রিয় এবং নানা ধরনের উদ্যোগ নেয়। সৈকত এলাকায় কোনো ধরনের অবকাঠামোগত উন্নয়ন করা যায় না। প্রাকৃতিকভাবেই থাকে সৈকত।
কিন্তু আমরা কক্সবাজারে কী দেখেছি? সেখানে সৈকত এলাকায় বড় বড় হোটেল হয়েছে। অবকাঠামো গড়ে উঠেছে। আর কক্সবাজার সৈকতে একসময় বালিয়াড়ি (ঢেউয়ের মাধ্যমে আসা বালুর স্তূপ হয় যেখানে) ছিল, বালিয়াড়ির ওপর সাগরলতা ছিল। এগুলো সৈকতের সুরক্ষায় প্রাকৃতিকভাবে কাজ করত। কিন্তু পর্যটকদের চলাফেরার কারণে সাগরলতা মরে গেছে, বালিয়াড়িগুলোও নেই। অথচ বিশ্বের অন্যান্য দেশ তা যত্ন করে রেখে দেয়। এসব রক্ষায় সৈকতে বিধিনিষেধ দেওয়া হয়। কিন্তু আমাদের এখানে কি তা আছে? পর্যটকদের কখনো বলা হয়েছে, আপনারা এখানে যেতে পারবেন, এখানে যেতে পারবেন না? অথচ সৈকতের কিছু জায়গা সুরক্ষিত করা দরকার ছিল।
প্রথম আলো: সৈকতে এমন ভাঙনে কী ধরনের প্রভাব পড়বে?
শাহ নেওয়াজ চৌধুরী: অর্থনৈতিকভাবে কক্সবাজার আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সম্পদ। এখানে সৈকত দেখতে লাখ লাখ পর্যটক আসেন। সৈকতের সৌন্দর্য নষ্ট হয়ে গেলে পর্যটনশিল্পে নেতিবাচক প্রভাব পড়বে।
প্রথম আলো: এই অবস্থায় সৈকত রক্ষায় করণীয় কী?
শাহ নেওয়াজ চৌধুরী: এই বিষয়ে সরকারকেই দায়িত্ব নিতে হবে। এ জন্য দীর্ঘমেয়াদি পরিকল্পনা দরকার। কক্সবাজার সমুদ্রসৈকত রক্ষায় পরিবেশবিজ্ঞানী, সমুদ্রবিজ্ঞানী ও প্রকৌশলীদের সমন্বিতভাবে শক্তিশালী ও টেকসই উপায় বের করতে হবে। আমি বলব, কক্সবাজারের উপকূল রক্ষায় সমুদ্রের স্রোত ও ঢেউয়ের প্রকৃতি ও ভূগঠনকে প্রাধান্য দিয়ে প্রকৃতিকে কাজে লাগিয়ে জৈবপ্রকৌশল শক্তি উদ্ভাবন করতে হবে।