গ্যাস
গ্যাস

এলএনজি টার্মিনালে মেরামতের কাজ চলছে, কমেছে গ্যাসের চাপ

আমদানি করা তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রূপান্তর করে সরবরাহ করতে কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান টার্মিনাল আছে। এর মধ্যে একটি টার্মিনালে আজ বুধবার সকাল থেকে মেরামত ও রক্ষণাবেক্ষণের কাজ শুরু হয়েছে। এতে করে এলএনজি সরবরাহ কমায় সারা দেশে গ্যাসের চাপ কমেছে। এ জন্য অনেক এলাকায় রান্নার চুলা জ্বালাতে সমস্যা হতে পারে।

আজ বুধবার বাংলাদেশ তেল, গ্যাস, খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আজ বেলা ১১টা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত টার্মিনালটি থেকে গ্যাস সরবরাহ হ্রাস পাবে। গ্যাস সরবরাহ হ্রাস পাওয়ার কারণে দেশের কোনো কোনো এলাকায় গ্যাসের স্বল্প চাপ বিরাজ করতে পারে।

প্রসঙ্গত, ভাসমান এলএনজি টার্মিনাল দুটির একটি পরিচালনা করে দেশীয় কোম্পানি সামিট ও অন্যটি মার্কিন কোম্পানি এক্সিলারেট এনার্জি। এখন এক্সিলারেট এনার্জির টার্মিনালটিতে রক্ষণাবেক্ষণের কাজ চলছে। এর আগে ১২ ফেব্রুয়ারি রক্ষণাবেক্ষণের কাজে এ টার্মিনাল বন্ধ করে দেওয়া পর দেখা দেয় গ্যাসের চরম সংকট। ১৬ ফেব্রুয়ারি এটি চালু হলেও সরবরাহ স্বাভাবিক হয় ২২ ফেব্রুয়ারি।