মানবসভ্যতার বিকাশের কেন্দ্রে আছে মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতা। এ দুটি ছাড়া একটি ভূখণ্ড আচার-অনুষ্ঠানের রাষ্ট্রে পরিণত হয়, সৃজনশীল রাষ্ট্র হয় না। সমাজ ও রাষ্ট্রের জন্য চিন্তার স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ। চিন্তার স্বাধীনতা না থাকলে মানুষ নিয়ন্ত্রিত হয়ে যেতে পারে।
বাংলাদেশে বুদ্ধিবৃত্তিক স্বাধীনতা রক্ষা ও প্রচারে নিরলস কাজ করা ১২ জন কীর্তিমানকে দেওয়া সম্মাননা অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেছেন। ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার–এর ৩২ বছর উদ্যাপনের অংশ হিসেবে গতকাল শনিবার রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠানটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘আমরা আজ দেশের বুদ্ধিবৃত্তিক স্বাধীনতার পাটাতন তৈরিতে অগ্রগামী এবং চিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার প্রতি অঙ্গীকারবদ্ধ ১২ সূর্যসন্তানকে সম্মাননা দিচ্ছি। তাঁরা মুক্তচিন্তার প্রহরী। জীবনভর মুক্তচিন্তার জন্য তাঁরা যে অবদান রেখেছেন, তার স্বীকৃতিস্বরূপ এই আলোকবর্তিকাবাহীদের সম্মানিত করতে পেরে আমরা সম্মানিত বোধ করছি।’
সম্মাননা পাওয়া বিশিষ্টজনেরা হলেন (নামের ইংরেজি বানানের ক্রমানুসারে), আলোকিত মানুষের স্বপ্নদ্রষ্টা অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ভাষাসংগ্রামী আহমদ রফিক, লেখক-গবেষক ও বামপন্থী রাজনীতিক বদরুদ্দীন উমর, মানবাধিকার ও শ্রম অধিকারকর্মী হামিদা হোসেন; শিক্ষাবিদ, প্রাবন্ধিক ও সাম্যবাদী তাত্ত্বিক যতীন সরকার, সংবিধানবিশেষজ্ঞ ও আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেন, বরেণ্য চিত্রশিল্পী মুস্তাফা মনোয়ার, লেখক-সমাজকর্মী নূরজাহান বোস, জনপ্রিয় কার্টুন চরিত্র ‘টোকাই’–এর স্রষ্টা চিত্রশিল্পী রফিকুন নবী, অর্থনীতিবিদ অধ্যাপক রেহমান সোবহান, লেখক–অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এবং শিক্ষাবিদ ও ভাষা আন্দোলনকর্মী শরিফা খাতুন। সম্মাননা পাওয়া ব্যক্তিদের হাতে তাঁদের প্রতিকৃতি ও ক্রেস্ট তুলে দেন ট্রান্সকম গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সিমিন রহমান ও ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম। শারীরিক অসুস্থতার কারণে আবদুল্লাহ আবু সায়ীদ, আহমদ রফিক, বদরুদ্দীন উমর ও যতীন সরকার অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।
মুক্তচিন্তা ও মতপ্রকাশের স্বাধীনতার গুরুত্ব নিয়ে সম্মাননা পাওয়া ব্যক্তিদের বক্তব্য আগেই ভিডিও করা হয়েছিল। অনুষ্ঠানে সেই ভিডিওগুলো দেখানো হয়। তাতে কামাল হোসেন বলেন, চিন্তার স্বাধীনতা খুবই গুরুত্বপূর্ণ মানুষের জীবনের জন্য এবং সমাজের জন্য। এই স্বাধীনতা না থাকলে মানুষ নিয়ন্ত্রিত হয়ে যেতে পারে।
অধ্যাপক রেহমান সোবহান বলেন, স্বাধীন চিন্তাধারা থেকে সবচেয়ে বেশি উপকৃত হতে পারে সরকার। কিন্তু বেশির ভাগ সময় দেশে প্রকৃতপক্ষে কী হচ্ছে, সে সম্পর্কে অবগত না থেকে সরকার অন্ধকারে থাকে। তিনি বলেন, যে বিষয়গুলো সরকারের জন্য ইতিবাচক নয়, সেগুলো ধামাচাপা দেওয়া হয়। এসব বিষয়ে কথা বলার মতো সাহস জনগণের নেই এবং সরকার একে কোনোভাবে উৎসাহও দেয় না।
অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, চিন্তার স্বাধীনতা না থাকলে মনুষ্যত্বকেই রক্ষা করা যাবে না। সংবাদপত্রে যদি এই স্বাধীনতাটা থাকে যে সম্পাদক স্বাধীনভাবে মত দেবেন, সংবাদের যে নির্বাচন, যে বিশ্লেষণ, উপস্থাপন—সেখানে তার স্বাধীনতা থাকবে, তাহলে সেটার মধ্য দিয়ে গণতান্ত্রিক সংস্কৃতি গড়ে ওঠে। চিন্তাশীলতা বিকশিত হয়।
বদরুদ্দীন উমর বলেন, স্বাধীন চিন্তার একটা পরিবেশ দরকার। সেই পরিবেশ বাংলাদেশে নেই। এটা খুবই দুঃখজনক। মানুষ আশা করে ছিল যে এখানে মানুষের প্রতিভা, চিন্তাশক্তি, ধীশক্তির বিকাশ হবে। সেটা হচ্ছে না।
অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ ও ভাষাসংগ্রামী আহমদ রফিকের ভিডিও বক্তব্য না থাকায় সম্মাননা পাওয়া বাকি ১০ জনের বক্তব্য অনুষ্ঠানে প্রচার করা হয়। সম্মাননা অনুষ্ঠানে ভিডিও বার্তা দেন ডেইলি স্টার–এর মালিকানা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ড লিমিটেডের চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান।
অনুষ্ঠানে ডেইলি স্টার সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, ‘সাংবাদিকতার প্রতি আমাদের ভালোবাসা, পাঠকের প্রতি দায়িত্ববোধ এবং দেশপ্রেম থেকে ৩২ বছর ধরে দ্য ডেইলি স্টার পেশাদারির সঙ্গে সংবাদ প্রকাশ করে আসছে। কিন্তু এর জন্য আমাদের মূল্য দিতে হয়েছে। বিজ্ঞাপনসহ প্রতিটি ক্ষেত্রে অসহযোগিতা করা হয়েছে, দেশের সর্বোচ্চ পর্যায়ের অনুষ্ঠান কভার করার অনুমতি দেওয়া হয়নি, ব্যক্তিগতভাবে হয়রানি করা হয়েছে, প্রত্যক্ষ ও পরোক্ষভাবে চাপ দেওয়া হয়েছে। তারপরও দ্য ডেইলি স্টার এবং আমরা যারা এই পত্রিকার জন্য কাজ করছি, তারা হাসিমুখে সেই মূল্য দিয়ে যাচ্ছি।’
অনুষ্ঠানে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গীতি আরা সাফিয়া চৌধুরী, হোসেন জিল্লুর রহমান, অধ্যাপক আইনুন নিশাত, বিচারপতি এম আর হাসান, রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার মন্টিটস্কি, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আলোকচিত্রী শহিদুল আলম উপস্থিত ছিলেন।
রাজনীতিবিদদের মধ্যে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সংসদ সদস্য সাবের হোসেন চৌধুরী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, আমির খসরু মাহমুদ চৌধুরী, শমসের মবিন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। গণমাধ্যম ব্যক্তিত্বদের মধ্যে সংবাদপত্রের মালিকদের সংগঠন নোয়াবের সভাপতি এ কে আজাদ, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক সাবির মুস্তাফা, জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত উপস্থিত ছিলেন।
এ ছাড়া অভিনেতা তারিক আনাম খান, জাদুশিল্পী জুয়েল আইচ, কথাসাহিত্যিক আনিসুল হক, চিত্রপরিচালক অমিতাভ রেজা চৌধুরী, নাট্যকার–অভিনেতা বৃন্দাবন দাস উপস্থিত ছিলেন।