প্রধানমন্ত্রী তারেক রহমান
প্রধানমন্ত্রী তারেক রহমান

পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর, মাল্টা ও আপেল আমদানিতে শুল্ক কমল

আসন্ন পবিত্র রমজান মাস উপলক্ষে খেজুর আমদানির ক্ষেত্রে আগামী বছরের ১০ মার্চ পর্যন্ত বিদ্যমান কাস্টমস শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে। আগামী ২৪ জানুয়ারি থেকে ২৩ ফেব্রুয়ারি মেয়াদে নির্ধারিত কোডভুক্ত অরেঞ্জ (মাল্টা) ও আপেল আমদানিতে বিদ্যমান মোট করভার ১২১ দশমিক ৭৮ শতাংশের পরিবর্তে ৬১ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত হয়। আজ রোববার সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগের পক্ষ থেকে সাংবাদিকদের বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়।

বিভিন্ন জাতের খেজুর

বৈঠকে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইন, ২০২৬’ -এর খসড়া অনুমোদন করা হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে আগে প্রতি মাসে রিটার্ন দিতে হতো। এই ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে এটি প্রতি তিন মাসে একবার দেওয়ার নতুন বিধান করা হয়। এখন আইনটির খসড়ায় সংশোধন করে আবারও পুরোনো নিয়ম পুনর্বহাল করা হয়েছে।

আপেল ও মাল্টা

মন্ত্রিপরিষদ বিভাগ বলছে, তিন মাসের বিধান করায় মাঠপর্যায়ে রাজস্ব আদায়ে নানা প্রতিবন্ধকতা তৈরি হয়। এর পরিপ্রেক্ষিতে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন, ২০১২-এর ধারা-৬৪ সংশোধনের প্রয়োজনীয়তা দেখা দেয়। ওই সময়ে সংসদ অধিবেশন চলমান না থাকায় মন্ত্রিসভার অনুমোদনের ভিত্তিতে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করেন। অধ্যাদেশটি জাতীয় সংসদের চলতি অধিবেশনে আইনে রূপান্তরের উদ্দেশ্যে ‘মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক (সংশোধন) আইনের খসড়া লেজিসলেটিভ ও সংসদবিষয়ক বিভাগের ভেটিং-সাপেক্ষে (আইনি যাচাই) মন্ত্রিসভায় চূড়ান্ত অনুমোদন করা হয়েছে।