
গণতন্ত্রে ইস্যু থাকবে, ইস্যু না থাকলে সেটা গণতন্ত্র নয় বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। তিনি মনে করেন, এমন কোনো ইস্যু নেই যেটা বসে সমাধান করা সম্ভব নয়। ত্রিবেদী বলেন, ইস্যু থাকবে, সেটার সমাধানও হবে। তবে দুই দেশের মানুষের ইস্যু একটাই- সেটি হলো ভালো সম্পর্ক।
আজ সোমবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
সাংবাদিকের এক প্রশ্নের জবাবে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশেই শক্তিশালী গণতন্ত্র রয়েছে। দুই দেশের সাধারণ মানুষ চায় ভালো সম্পর্ক।
ত্রিবেদী আরও বলেন, দুই নেতা একসঙ্গে বসলে অনেক বিষয় আলোচনা হবে। আগামী দিনে ভালো কিছু হবে বলে তিনি আশা করেন । আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দুই দেশের জনগণ চায় ভালো সম্পর্ক। ভালো সম্পর্ক হলে দুই পক্ষই সমানভাবে লাভবান হবে। ইতিবাচকভাবে সামনে এগোতে চান বলে জানান ত্রিবেদী।
স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে দীনেশ ত্রিবেদী বলেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে দেখা করার সময় তাঁর মনে হয়নি এটিই প্রথম দেখা। বাড়িতেও ইস্যু থাকে। কোনো ইস্যু নেই যে যেটা সমাধান হবে না।
সুনির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে ভারতের হাইকমিশনার বলেন, দুই দেশের গণতন্ত্র রয়েছে। দুই দেশই ভালো সম্পর্ক চায়। এ দেশে দুই মাস হলো এসেছেন বলে জানান দীনেশ ত্রিবেদী। এখানে তিনি আদর, শ্রদ্ধা, ভালোবাসা পেয়েছেন বলে জানান।
আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গেও সাক্ষাৎ করেছেন দীনেশ ত্রিবেদী। বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দপ্তরে প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতের শুরুতে প্রধানমন্ত্রী ভারতীয় হাইকমিশনারকে স্বাগত জানান। ভারতীয় হাইকমিশনার ঢাকায় গত দুই মাসে তাঁর দায়িত্ব পালনের অভিজ্ঞতা প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন।সাক্ষাতে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ আশা করে, ভারত শেখ হাসিনাকে প্রত্যর্পণের প্রক্রিয়া ত্বরান্বিত করবে।