রাজধানীতে বিশেষ অভিযান চালিয়ে ডেঙ্গুর ঝুঁকিতে থাকা কয়েকটি ওয়ার্ডের পরিস্থিতির উন্নতি হলেও নতুন উদ্বেগ তৈরি করেছে বসতবাড়ির আশপাশে এডিস মশার লার্ভার উপস্থিতি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাম্প্রতিক জরিপে শনাক্ত হওয়া এডিস লার্ভার প্রায় অর্ধেকই (৫০ শতাংশ) পাওয়া গেছে বাসাবাড়ির আশপাশে। এ অবস্থায় শুধু মশকনিধনের ওপর নির্ভর না করে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ ছাড়া ডেঙ্গুর কাঙ্ক্ষিত নিয়ন্ত্রণ সম্ভব নয় বলে জানিয়েছে সংস্থাটি।
আজ বৃহস্পতিবার নগর ভবনে ডিএসসিসি ও জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের যৌথ উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে এ তথ্য তুলে ধরা হয়। ‘ডেঙ্গুর বর্তমান প্রবণতা, প্রতিরোধ ও মশাবাহিত রোগ নিয়ন্ত্রণে উদ্ভাবনী কৌশল’ শীর্ষক এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।
সেমিনারে প্রশাসক জানান, নিয়মিত মশকনিধনের পাশাপাশি বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম পরিচালনার ফলে গত মার্চ ও অক্টোবর মাসের জরিপে তুলনামূলক চিত্রে দেখা গেছে, আগে ঝুঁকিপূর্ণ থাকা ওয়ার্ডগুলোর পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে বাসাবাড়ির আশপাশে বিপুল লার্ভাপ্রাপ্তিতে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের যেমন ৫০ শতাংশ দায়িত্ব রয়েছে, তেমনি নাগরিকদেরও ৫০ শতাংশ দায়িত্ব পালন করতে হবে। উভয় পক্ষ সচেতন হলেই কেবল ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।
নগরবাসীকে শুধু প্রচারণার ওপর নির্ভর না করে বাড়ির ছাদ, আঙিনা, নির্মাণাধীন ভবন ও এসির পানি জমার স্থান নিয়মিত পরীক্ষার আহ্বান জানান প্রশাসক আবদুস সালাম। একই সঙ্গে শহরকে বাসযোগ্য রাখতে বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনকে জনসচেতনতায় এগিয়ে আসার অনুরোধ করেন তিনি।
প্রতি শনিবার বাসাবাড়ি পরিষ্কারের আহ্বান
সেমিনারে বিশেষজ্ঞদের পক্ষ থেকে এডিসের প্রজননস্থল ধ্বংস করতে প্রতি শনিবার নিজ নিজ বাসাবাড়ি, আঙিনা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিশেষ আহ্বান জানানো হয়।
সেমিনারে ডেঙ্গুর সাম্প্রতিক প্রবণতা, মশার জীবনচক্র ও আধুনিক বিজ্ঞানভিত্তিক নিয়ন্ত্রণকৌশল নিয়ে বৈজ্ঞানিক প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের অধ্যাপক কবিরুল বাশার, আইসিডিডিআর,বির জ্যেষ্ঠ বিজ্ঞানী শফিউল আলম এবং স্বাস্থ্য অধিদপ্তরের রোগনিয়ন্ত্রণ শাখার (সিডিসি) জ্যেষ্ঠ কীটতত্ত্ববিদ (পিআরএল) মো. রেজাউল করিম খান।
জুওলজিক্যাল সোসাইটি অব বাংলাদেশের সভাপতি অধ্যাপক হামিদা খানমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। এ ছাড়া ডিএসসিসির সচিব মো. মশিউর রহমান খান, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহবুবুর রহমান তালুকদার, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা জাহানে ফেরদৌস বিনতে রহমানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।