
বাংলাদেশ থেকে টেকনোলজিস্ট, নার্স, কেয়ারগিভারসহ পেশাদার কর্মী নিয়োগে আগ্রহ প্রকাশ করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দক্ষ কর্মী পাঠানো নিয়ে আলোচনার সময় এ আগ্রহ প্রকাশ করে দেশটি।
বুধবার বিকেলে আমিরাতে দেশটির মানবসম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রী আবদুল রহমান আবদুল মান্নান আল আওয়ারের সঙ্গে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদের বৈঠকে এ আলোচনা হয়।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা জানানো হয়েছে। এতে বলা হয়, দুই দেশের মধ্যে গঠিত যৌথ কারিগরি কমিটির সভা খুব শিগগির অনুষ্ঠিত হবে বলে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। দক্ষতা সনদের স্বীকৃতির বিষয়েও উভয় দেশ কাজ করবে মর্মে সম্মত হয়েছে।
বৈঠকে আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, মিনিস্টার (লেবার-লোকাল) ফাতেমা জাহান, আমিরাতের অ্যাক্টিং অ্যাসিস্ট্যান্ট আন্ডার সেক্রেটারি ফর কমিউনিকেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল রিলেশনস সায়মা ইউসেফ আলওয়াধ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ ১৩-১৫ ফেব্রুয়ারি দুবাইয়ে অনুষ্ঠিত ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিট-২০২৩–এ অংশগ্রহণ করেন। এ ছাড়া ১৪ ফেব্রুয়ারি অভিবাসী শ্রমিক–সংক্রান্ত এক আলোচনা সভায় অংশগ্রহণ নেন তিনি।