বাসায় ঢুকে মা-মেয়েকে হত্যায় একজনের মৃত্যুদণ্ড

আদালত
প্রতীকী ছবি

আট বছর আগে চট্টগ্রাম নগরের সদরঘাট এলাকায় মা-মেয়েকে ছুরিকাঘাতে খুনের মামলায় এক যুবককে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। তাঁর নাম বেলাল হোসেন। বৃহস্পতিবার ষষ্ঠ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ সিরাজাম মুনীরা এই রায় দেন। একই সঙ্গে আরেক আসামি টিটু সাহাকে তিন বছরের কারাদণ্ড দেন আদালত।

সরকারি কৌঁসুলি দীর্ঘতম বড়ুয়া প্রথম আলোকে বলেন, আদালত আসামি বেলালকে মৃত্যুদণ্ডের আদেশ, ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদণ্ড এবং আসামি টিটুকে ৩ বছরের কারাদণ্ড, ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৩ মাসের কারাদণ্ড দেন। রায় ঘোষণার সময় দুই আসামি হাজির ছিলেন। পরে আদালতের নির্দেশে তাঁদের কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।

আদালত সূত্র জানায়, নগরের সদরঘাট থানার দক্ষিণ নালাপাড়া এলাকায় একটি ভবনের চতুর্থ তলায় স্ত্রী ও পরিবার নিয়ে ভাড়ায় থাকতেন খাসির মাংস ব্যবসায়ী শাহ আলম। ঘটনার দিন ২০১৫ সালের ৭ মে শাহ আলম দোকানে চলে যান।

এরপর সকাল ১০টার দিকে বাসায় গিয়ে দেখেন, তাঁর স্ত্রী ও মেয়ে মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। ঘরে থাকা ১ লাখ ১১ হাজার টাকা, ৪ ভরি সোনা ও ২টি মুঠোফোন নেই। এ ঘটনায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে মামলা করেন তিনি।

পরে পুলিশ বাসা থেকে নিয়ে যাওয়া মুঠোফোনের সূত্র ধরে শাহ আলমের খালাতো ভাই বেলাল হোসেনকে গ্রেপ্তার করে। তিনি পুলিশের কাছে স্বীকার করেন, আত্মীয় পরিচয়ে বাসায় ঢুকে টাকা ও সোনা নিয়ে যান তিনি। বিষয়টি জানাজানি হবে তাই বাসায় থাকা মা ও মেয়েকে খুন করে চলে যান। পরে বাসা থেকে নিয়ে যাওয়া সোনা বিক্রি করেন নগরের বাকলিয়া এলাকার একটি জুয়েলার্সের কর্মচারী টিটু সাহার কাছে। তদন্ত শেষে পুলিশ এই মামলায় একই বছরের ২৫ অক্টোবর আদালতে অভিযোগপত্র জমা দেয়। ২০১৯ সালের ১৫ জুলাই আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে এ মামলার বিচার শুরু হয়। ১৯ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত এ রায় দেন।