গণমাধ্যমে ভিসা নীতি নিয়ে মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্যে বিএফইউজের উদ্বেগ

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার হাস বাংলাদেশের গণমাধ্যমের ওপরও ভিসা নীতি প্রয়োগ হতে পারে বলে সম্প্রতি যে মন্তব্য করেছেন, তাতে উদ্বেগ প্রকাশ করেছে বিএফইউজে–বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন। সংগঠনটি বলছে, গণমাধ্যমকে ভিসা নীতির আওতায় আনার ঘোষণায় পেশাদার সাংবাদিক সমাজ উদ্বিগ্ন। গণতান্ত্রিক প্রক্রিয়া এগিয়ে নিতে গণমাধ্যমই বড় ধরনের ভূমিকা রাখছে।

বিএফইউজের সভাপতি ওমর ফারুক ও মহাসচিব দীপ আজাদ আজ সোমবার এক বিবৃতিতে এ উদ্বেগ প্রকাশ করেন। গণমাধ্যমকে ভিসা নীতিতে আনার বিষয়ে বিস্তারিত জানতে বিএফইউজের পক্ষ থেকে যুক্তরাষ্ট্রের দূতাবাসে ই-মেইল পাঠানো হয়। তবে ই-মেইলের জবাব পাওয়া গেছে কি না, সে বিষয়ে বিবৃতিতে কিছু বলা হয়নি।

সম্প্রতি বেসরকারি টেলিভিশন চ্যানেল ২৪-এর সঙ্গে সাক্ষাৎকারে গণমাধ্যমও মার্কিন ভিসা নীতির আওতায় আসতে পারে বলে মন্তব্য করেন পিটার হাস। ২৪ সেপ্টেম্বর প্রকাশিত ওই সাক্ষাৎকারে পিটার হাস বলেছিলেন, তাঁরা ভিসা নীতি ভারসাম্যপূর্ণ উপায়ে যে কারও বিরুদ্ধে প্রয়োগ করছেন। তাঁরা সরকার সমর্থক, বিরোধী দল, আইন প্রয়োগকারী সংস্থা, বিচার বিভাগ ও সেটা মিডিয়াও হতে পারে।

চলতি বছরের ২৪ মে যুক্তরাষ্ট্র বাংলাদেশের জন্য ভিসা নীতি ঘোষণা করে। এরপর ২২ সেপ্টেম্বর ঘোষণা করা হয় বাংলাদেশে গণতান্ত্রিক নির্বাচনপ্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের ভিসা প্রদানে বিধিনিষেধ আরোপের পদক্ষেপ নেওয়া শুরু হয়েছে।

বিএফইউজের বিবৃতিতে বলা হয়, সুষ্ঠু নির্বাচনে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জবাবদিহি ও জনগণের তথ্য পাওয়ার অধিকার নিশ্চিত করতে পেশাদার সাংবাদিকেরা প্রতিশ্রুতিবদ্ধ। পেশাদার সাংবাদিকদের পাশে আপসহীনভাবে থাকবে বিএফইউজে। তারা বিশ্বাস করে দেশে গণতন্ত্র ও মানবাধিকারকে সমর্থন করার কার্যকর উপায় আইনের শাসনকে শক্তিশালী করতে সাংবাদিকসহ সব নাগরিকের অধিকার রক্ষা করা।

বিবৃতিতে বলা আরও বলা হয়, গণমাধ্যমে ভিসা নীতি প্রয়োগের কথা বলার পর থেকে দেশে ও বিদেশে বসে অনেকে সাংবাদিক ও গণমাধ্যমের নামে অপপ্রচার চালাচ্ছে। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে তাদের প্রতিহত করে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছে বিএফইউজে।