
দেশের প্রচলিত শিক্ষাব্যবস্থার হালচাল নিয়ে প্রথম আলো ডটকমের আয়োজনে অনুষ্ঠিত হলো ‘আমাদের শিক্ষাব্যবস্থা, আমাদের প্রজন্ম’ শীর্ষক বিশেষ অনুষ্ঠান। অনুষ্ঠানে আলোচকেরা বাংলাদেশের শিক্ষাব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে কথা বলেছেন। শিক্ষাকে চাপ হিসেবে না নিয়ে উপভোগের বিষয় হিসেবে দেখার পরামর্শ দিয়েছেন তাঁরা।
অনুষ্ঠানটি গতকাল বৃহস্পতিবার একযোগে প্রচারিত হয় প্রথম আলো ডটকম এবং প্রথম আলোর ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। অনলাইনভিত্তিক শিক্ষা প্ল্যাটফর্ম টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিকের সঞ্চালনায় অনুষ্ঠানের অতিথি ছিলেন সমাজকর্মী ও আইনজীবী সায়েদুল হক সুমন এবং রাজধানীর উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ জামান।
সঞ্চালকের এক প্রশ্নের জবাবে সায়েদুল হক সুমন বলেন, ‘বিদেশে উচ্চশিক্ষা নিতে গিয়ে শিশুদের স্কুলে যাওয়ার সুযোগ হয়েছে আমার। তাদের আর আমাদের মধ্যে ডিফারেন্সটা হচ্ছে, প্রায় ২৫ বছর পড়াশোনা করার পরও আমরা বলতে পারি না—আমি বুঝিনি এবং কেন? কিন্তু বিদেশে সাত বছরের একটা শিশুকেও ইরিলেভেন্ট বা ইলোজিক্যাল কোনো কথা বলে আপনি পার পাবেন না। এটা তাদের নিজস্বতা, তারা অল্প বয়সেই প্রশ্ন করা শিখে ফেলে।’
আলোচনার সূত্র ধরে আইনজীবী সুমন আরও বলেন, ‘বিদেশে বাচ্চারা এগিয়ে থাকার একটা কারণ হচ্ছে অর্থনৈতিক। সেখানে বাচ্চাদের শুনতে হয় না—বেতন না নিয়ে এলে তুমি স্কুলে এসো না। কিন্তু আমাদের এখানে অনেক শিশুকে মা-বাবা বলেই দেন—টিচারকে বলো এ মাসে বেতন দিতে পারব না।
আগামী মাসে দুই মাসের বেতন একসঙ্গে দেব। এই যে ডিপেনডেন্সিটা তৈরি হচ্ছে, এটি প্রজন্মের জন্য ক্ষতিকর।’
উইটন ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ আবদুল্লাহ জামানের কাছে আয়মান সাদিক জানতে চান, ‘আপনারা মেইন কারিকুলামে কোডিংকে যুক্ত করেছেন। এই কোডিংকে সারা বাংলাদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে সংযোজন করার ব্যাপারে আপনার কী সাজেশন রয়েছে?’
উত্তরে আবদুল্লাহ জামান বলেন, ‘কোডিং হচ্ছে প্রযুক্তির একটা ভাষা। কারণ, ১০ বছর পর কোডিং এমন জায়গায় যাবে, এ বিষয়ে যে পারদর্শী হবে, সে জব মার্কেটে এগিয়ে থাকবে। আমি মনে করি, এটা সারা বাংলাদেশে যুক্ত করা দরকার। তাই দায়িত্বশীলদের এ ব্যাপারে দৃষ্টি দেওয়া উচিত।’
উইটন ইন্টারন্যাশনাল স্কুলে ব্রিটিশ কারিকুলামের মধ্যেই ইসলামী স্কলার তৈরি করার জন্য আরবি ও ইসলামি বিষয়কে সংযোজন করেছে। এ প্রসঙ্গে আবদুল্লাহ জামান বলেন, ‘ব্রিটিশ কারিকুলাম বর্তমানে প্রায় ১৯৫টা দেশে চলছে। শিক্ষার্থীদের নিজ ধর্ম সম্পর্কে জানার জন্য ঐচ্ছিক বিষয় হিসেবে রিলিজিয়াস স্টাডিজ বা ইসলামিক স্টাডিজ নেওয়ার সুযোগ রয়েছে। কিন্তু আমাদের দেশে এ চর্চাটা এর আগে ছিল না। আমরাই প্রথম এ বিষয়কে কারিকুলামে যুক্ত করি।’
সামাজিক যোগাযোগমাধ্যমগুলোয় আলোচিত মুখ আইনজীবী সুমন ফুটবল খেলা নিয়ে ব্যস্ত সময় পার করছেন। তাঁর দল নিয়ে বিভিন্ন জেলার স্টেডিয়াম বা নির্দিষ্ট মাঠে অসংখ্য দর্শকের উপস্থিতিতে ফুটবল ম্যাচ খেলছেন। এটি কি নিছক খেলা, নাকি কোনো দায়বদ্ধতার জায়গা থেকে তিনি করছেন? আয়মান সাদিকের এমন প্রশ্নের জবাবে আইনজীবী সুমন বলেন, ‘সবাই দেখছে আমি ফুটবল খেলছি, আসলে আমার খেলাটা অন্য জায়গায়।’
‘কোথায়?’ জানতে চাইলে সুমন বলেন, ‘বাচ্চারা যতই পড়ালেখা করুক, ফিটনেসটা ঠিক থাকতে হবে। খেলামুখী না হওয়ার কারণে আমাদের মাঠগুলো দখল হয়ে যাচ্ছে। আর প্রজন্ম নানা রকম ডিভাইসের প্রতি আসক্ত হয়ে যাচ্ছে। আমার এই ফুটবল খেলাটা হচ্ছে আমার কথা বলার ফোরাম। যেখানে আমি বলি—গাছ লাগান, দেশ বাঁচান, সন্তানদের পড়ালেখা শেখান।’
উইটন ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থীরা নৈতিক শিক্ষা ও ব্রিটিশ কারিকুলামে শিক্ষার মধ্যে ভারসাম্য রেখে আগামীতে বিশ্ববিদ্যালয়ের জন্য কীভাবে তৈরি হয়?
আয়মান সাদিকের এমন প্রশ্নের উত্তরে আবদুল্লাহ জামান বলেন, ‘আগে ব্রিটিশ কারিকুলামের শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার প্রবণতা ছিল, যা এখন কমেছে। কারণ, তাদের কারিকুলামে এ লেভেলের পার্ট ওয়ান শেষ করার পর আইবিএসহ অন্যান্য বিভাগে ভর্তির প্রস্তুতি হিসেবে একটা প্রিপারেশনাল কোর্স রেখেছি, যা তার পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে বেশ ভূমিকা রাখছে।’
আমাদের দেশের শিক্ষাব্যবস্থা এবং আমাদের প্রজন্ম নিয়ে নানামুখী আলাপচারিতায় শেষ হয় অনুষ্ঠানের নির্ধারিত সময়। সবশেষে ব্যারিস্টার সুমন সুশিক্ষায় শিক্ষিত হয়ে শুধু পরিবারের নয়, দেশ ও জাতির কল্যাণে আত্মনিয়োগ করার জন্য দর্শকদের অনুরোধ করেন।
আর শিক্ষাটাকে চাপ হিসেবে না নিয়ে উপভোগের বিষয়বস্তু মনে করতে শিক্ষার্থীদের পরামর্শ দেন অধ্যক্ষ আবদুল্লাহ জামান। পাশাপাশি তিনি দায়িত্বশীলদের কাছে সহযোগিতা কামনা করেন, যাতে এখনকার প্রজন্মের বিদেশ যাওয়ার প্রবণতাটা কমে।