
পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিত বাহিনীর ক্ষেত্রে জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। দুই দিন আগে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে বলেও জানান তিনি।
আজ রোববার জাতীয় সংসদে একজন সংসদ সদস্যের বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদে এ তথ্য জানান।
তারেক রহমান বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে—পুলিশ হোক, অ্যাম্বুলেন্স হোক, ফায়ার সার্ভিসসহ যারা আছে, তাদের ওপর যে এমবার্গো (সাময়িক বিধিনিষেধ) ছিল তা সরিয়ে নেওয়া হয়েছে। এটা আরও দুই দিন আগে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সমস্যা আর হওয়ার কথা নয়।
এর আগে পয়েন্ট অব অর্ডারে কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী বক্তব্য দেন। তিনি কুমিল্লায় নিহত কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধারের কথা উল্লেখ করে বলেন, বাড়ি যাওয়ার পথে তাঁকে কে বা কারা হত্যা করে ফেলে রাখে। তিনি (সংসদ সদস্য) পুলিশকে ফোন দিয়েছিলেন। পুলিশ বলেছে, তাদের তেলসংকট আছে। তাই তাদের ‘ডিউটির পরিমাণ’ কমে গেছে, এত রাত পর্যন্ত থাকার সুযোগ নেই।
পুলিশের তেল রেশনিং পদ্ধতি অবিলম্বে প্রত্যাহারের দাবি জানিয়ে সরকারি এই সংসদ সদস্য বলেন, না হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির সংকট সৃষ্টি হবে। এতে জনগণের নির্বিঘ্নে চলার সমস্যা হয়।
এই সংসদ সদস্যের বক্তব্যের পর সরকারের সিদ্ধান্তের কথা সংসদকে জানান প্রধানমন্ত্রী তারেক রহমান।