জাতীয় সংসদ ভবন
জাতীয় সংসদ ভবন

স্বাস্থ্য কমপ্লেক্সে ৪৮ শতাংশ চিকিৎসক পদ শূন্য: সংসদে তথ্য

দেশের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক পদের ৪৮ শতাংশ শূন্য। আজ সোমবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্বাস্থ্যমন্ত্রীর দেওয়া হিসাব থেকে এ তথ্য পাওয়া গেছে।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেনের অনুপস্থিতিতে প্রতিমন্ত্রী এম এ মুহিত সংসদ সদস্যদের প্রশ্নের জবাব দেন।

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য শাম্মী আক্তারের প্রশ্নের জবাবে জানানো হয়, দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকের মোট পদ ১৩ হাজার ৩৬টি। এর মধ্যে পূরণকৃত ৬ হাজার ৭৪৮টি এবং শূন্য পদ ৬ হাজার ২৮৮টি।

সিরাজগঞ্জ-৪ আসনের রফিকুল ইসলাম খানের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, দেশের সরকারি হাসপাতাল, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও বিশেষায়িত হাসপাতালে বর্তমানে চিকিৎসকের পদ ৪২ হাজার ৫৪৯টি। এর মধ্যে শূন্য পদ ১১ হাজার ৩৩৬টি। স্বাস্থ্যকর্মীসহ তৃতীয় শ্রেণির ৫৭ হাজার ৩০৬টি পদের মধ্যে শূন্য পদ ২১ হাজার ৬৫৬টি।

সুনামগঞ্জ-১ আসনের কামরুজ্জামানের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারের তরফ থেকে দেশের সব এলাকায় সব শিশুকে টিকা দেওয়া হচ্ছে। দেশে হামের টিকার লক্ষ্যমাত্রা ১ কোটি ৮০ লাখ ১৫ হাজার ৬৪ জন। কাভারেজ ২ কোটি ১৭ লাখ ৯১ হাজার ২৫৯ জন। যা লক্ষ্যমাত্রার ১২১ শতাংশ।

টাঙ্গাইল-৭ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকীর প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, বর্তমান সরকার ২০২৬-২৭ অর্থবছরে সারা দেশে সরেজমিনে পরিদর্শনের ভিত্তিতে নবায়ন ও নতুনসহ ৮ হাজার ২৭৩টি বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের লাইসেন্স দেওয়া হয়েছে। বিভিন্ন অনিয়মের অভিযোগে ২৫০টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে আর্থিক জরিমানা ও সিলগালাকরণের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। প্রায় ৫০০ প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়েছে।

পাবনা-৫ আসনের মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসের প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী জানান, হৃদ্‌রোগ ও হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়ে মৃত্যুর হার ২৫ থেকে ৩০ বছর বয়সী, বিশেষ করে পুরুষদের মধ্যে বর্তমান সময়ে উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে।

সেতুর কারণে নদী সরু হওয়া প্রসঙ্গ সংসদে

সম্পূরক প্রশ্নে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য কামরুল হাসান বলেন, নদীগুলো এখন দূষিত হয়ে যাচ্ছে। আজ তিনি একটি পত্রিকার সংবাদে দেখেছেন, নদীতে সেতু নির্মাণের ফলে চর পড়ে যাচ্ছে এবং নদী সরু হয়ে যাচ্ছে। নৌপথ সংকুচিত হচ্ছে।

কামরুল হাসান বলেন, সুয়ারেজ সংযোগের কারণে বুড়িগঙ্গাসহ নদীর পানি দূষিত হচ্ছে। বুড়িগঙ্গার তীরে শিল্পকারখানা স্থাপনের অনুমতি দেওয়া হয়েছে বলে তিনি একটি সংবাদ দেখেছেন। তিনি জানতে চান, নদীর নাব্য রক্ষা এবং ব্রিজ নির্মাণে আধুনিক প্রযুক্তি ব্যবহার করে নদীর পথ যাতে সরু না হয়, এ ব্যাপারে সরকারের কী পদক্ষেপ আছে?

জবাবে নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, নদীদূষণ রোধে ইতিমধ্যে পরিবেশ মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন সিটি এবং জেলা প্রশাসকের সমন্বয়ে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে। এটি অন্য মন্ত্রণালয়ের কাজ।

২ লাখ ৫৬ হাজার ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে

জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মো. মোস্তাফিজুর রহমানের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন (কায়কোবাদ) জানান, চলতি অর্থবছরে ৮২ হাজার ৬৫৬টি মসজিদ, ৭৫২টি বৌদ্ধবিহার ও ৩০১টি গির্জায় কর্মরত ২ লাখ ৫৬ হাজার ৭৪ জন ধর্মীয় ব্যক্তিকে সম্মানী দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেম এ সম্মানী পাবেন। মসজিদের খতিবকে এই সম্মানীর আওতাভুক্ত করার পরিকল্পনা আপাতত নেই।

পাবনা-৩ আসনের মুহাম্মদ আলী আছগারের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, ২০২৭ সালে হজে ৮৩ হাজার ৫০০ বাংলাদেশি হজ করার সুযোগ পাবেন। হজ ব্যবস্থাপনার দুই-তৃতীয়াংশ ব্যয় সৌদি সরকারের নির্ধারণ করা উল্লেখ করে মন্ত্রী জানান, ভিসা ফি ও ভ্যাটসহ হজযাত্রীদের খরচ কমানোর বিষয়ে সৌদি সরকারের সাথে যোগাযোগ চলছে।