ঢাকায় রাজউকের অফিস সহকারীর ৮ তলা বাড়ি

আটতলার বাড়িটি রাজউকের অফিস সহকারী জাফর সাদেকের। আফতাবনগর, ঢাকা, ২০ জানুয়ারি
ছবি: প্রথম আলো

জাফর সাদেক কাজ করেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অফিস সহকারী পদে। বেতন  সর্বসাকল্যে ৪০ হাজার টাকা। গত ১৬ বছরে এই চাকরি করেই রাজধানীর আফতাবনগরে তিনি বানিয়েছেন আটতলা বাড়ি। মগবাজারে রয়েছে ১ হাজার ৬০০ বর্গফুটের ফ্ল্যাট। স্ত্রীর নামে শান্তিনগরের মেহমান টাওয়ারে রয়েছে দোকান। চলাচল করেন দামি গাড়িতে।

জাফর সাদেক পুলিশের অধীন একটি গোয়েন্দা সংস্থার জিজ্ঞাসাবাদে এসব তথ্য স্বীকার করেছেন বলে জানতে পেরেছে প্রথম আলো। জিজ্ঞাসাবাদের একটি ভিডিও শুক্রবার (২০ জানুয়ারি) প্রথম আলোর হাতে এসেছে।

গোয়েন্দা সূত্র জানায়, তৎকালীন এক মন্ত্রীর সুপারিশে ২০০৬ সালে জাফর সাদেক রাজউকের অফিস সহকারী পদে চাকরি পান। চাকরির পাশাপাশি রাজউকের প্লট বিক্রি, নকশা পাস করিয়ে দেওয়ার অবৈধ বাণিজ্যে জড়িত হন তিনি। আর এসব কাজ করেই তিনি কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন।

রাজউক সূত্র জানায়, জাফর সাদেক বর্তমানে পূর্বাচল এস্টেট-২-এর পরিচালকের অফিস সহকারীর দায়িত্বে রয়েছেন। তবে তিনি অফিস করেন না। রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতিও তিনি। এই প্রভাবকে কাজে লাগিয়ে রাজউকের নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন তিনি।
জাফর সাদেক

শুক্রবার জাফর সাদেকের সঙ্গে কথা বলেছে প্রথম আলো। গোয়েন্দা কার্যালয়ে তাঁকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদের বিষয়টি তিনি স্বীকার করেন। তিনি বলেন, একটি ভবন নির্মাণের জন্য রাজউকের অনুমোদন ও নকশা পাস করাতে লোক না থাকলে বছরের পর বছর ঘুরতে হয়। কোনো গ্রাহককে নকশার কাজ করিয়ে দিলে ভবনের তলাভেদে ৪ লাখ থেকে ১৬ লাখ টাকা পাওয়া যায়। এই টাকার অর্ধেক অন্যদের দিতে হয়। বাকি টাকা তাঁর থাকে। এ ছাড়া প্লট বিক্রির দালালি করেও মোটা অঙ্কের টাকা আয় করার কথা স্বীকার করেন তিনি।

শুক্রবার আফতাবনগরে গিয়ে জাফর সাদেকের আটতলা বাড়ি থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এই বাড়ি নিজের বলে প্রথম আলোর কাছে স্বীকার করেন তিনি। জাফর সাদেক বলেন, প্রতি মাসে তিন থেকে পাঁচটি প্লট বিক্রির মধ্যস্থতা করতেন তিনি। প্রতিটি প্লটের জন্য তিনি দুই থেকে পাঁচ লাখ টাকা নিতেন। এসব কাজ করেই তিনি বাড়ি-গাড়ি করেছেন।

আফতাবনগরের ডি ব্লকের ৫ নম্বর রোডে ২৯ নম্বর বাড়িটির নাম নূর আহমেদ ভিলা। সাড়ে তিন কাঠা জমির ওপর আটতলা বাড়ি। শুক্রবার সন্ধ্যায় ওই বাড়ির সামনে গিয়ে কথা হয় নিরাপত্তারক্ষী জাহাঙ্গীরের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, বাড়িটি জাফর সাদেক ও তাঁর ভাইয়ের। তবে তাঁরা কেউ এই বাড়িতে থাকেন না। জাফর সাদেক বলেন, ২০১৫ সালে ৭২ লাখ টাকায় জমিটি কিনেছিলাম। ২০২০ সালের দিকে প্রায় দেড় কোটি টাকা খরচ করে বাড়িটি বানিয়েছি।

রাজউক সূত্র জানায়, জাফর সাদেক বর্তমানে পূর্বাচল এস্টেট-২-এর পরিচালকের অফিস সহকারীর দায়িত্বে রয়েছেন। তবে তিনি অফিস করেন না। রাজউক কর্মচারী কল্যাণ ট্রাস্টের সভাপতিও তিনি। এই প্রভাবকে কাজে লাগিয়ে রাজউকের নানা অনিয়মের সঙ্গে জড়িত রয়েছেন তিনি। নথি জালিয়াতির ঘটনাতেও তাঁর নাম এসেছে। বেতন দিয়ে কয়েকজন সহকারী রেখে নিজের কাজ করান তিনি।