চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার ৮

গ্রেপ্তার
প্রতীকী ছবি

চট্টগ্রাম পাহাড় কাটার সময় আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরের আকবর শাহ থানার শাপলা আবাসিক-সংলগ্ন গ্যাস লাইন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আটজন হলেন— মো. আনোয়ার আজিম ওরফে রাজু (৩৪), মো. এরশাদ হোসেন (৫২), মো. ইউসুফ (২৯), মো. বাবুল (৫০), মো. রফিকুল ইসলাম (৩৮) মো. আরমান উদ্দিন (১৯) মো. জহির উদ্দিন(৪১) ও মো. নুরুল ইসলাম (৩৫)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালী উদ্দিন আকবর প্রথম আলোকে বলেন, বেশ কয়েকজন লোক টিনের ঘেরাও দিয়ে পাহাড় কাটছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে চার থেকে পাঁচজন পালিয়ে যান। তবে আটজনকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়। এ সময় তাঁদের কাছ থেকে শাবল, কোদাল, করাতসহ পাহাড় কাটার কাজে ব্যবহৃত সরঞ্জাম জব্দ করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা পাহাড় কাটার বিষয়ে বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি। এ জন্য তাঁদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।