কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) আনা এক বন্দীকে আজ সোমবার সকালে মৃত ঘোষণা করা হয়েছে।
এই কারাবন্দীর নাম মো. রফিকুল ইসলাম (৫৪)। তিনি কোন মামলায় কারাবন্দী ছিলেন, তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। তাঁর গ্রামের বাড়ি কুড়িগ্রামে। বাবার নাম মো. রজব আলী।
কারাগার কর্তৃপক্ষ বলছে, রফিকুল কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন। অসুস্থ অবস্থায় তাঁকে আজ সকালে ঢামেক হাসপাতালে পাঠানো হয়।
হাসপাতাল সূত্র বলছে, রফিকুলকে জরুরি বিভাগে আনা হয়েছিল। পরীক্ষা–নিরীক্ষা শেষে সকাল ৯টা ২৫ মিনিটের দিকে তাঁকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. হাবিবুর রহমান বলেন, মরদেহের ময়নাতদন্ত হবে। এ জন্য মরদেহ কলেজের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে ৭ সেপ্টেম্বর ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে আলী আকবর মণ্ডল (৬৭) নামের এক কারাবন্দী মারা যান। তিনি কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন।
এর আগের দিন ৬ সেপ্টেম্বর সকাল ৭টা ২৫ মিনিট থেকে ৯টা ৫ মিনিটের মধ্যে ঢামেক হাসপাতালে তিনজন কারাবন্দীর মৃত্যু হয়েছিল। তাঁদেরও কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে হাসপাতালে আনা হয়েছিল। তাঁরা হলেন আবুল বাশার (৫৮), আবদুল কাইয়ম (৬২) ও মো. শাহাদত হোসেন লিটন (৫২)।