হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় আট সপ্তাহের আগাম জামিন পেয়েছেন জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আগাম জামিন চেয়ে তাঁর করা আবেদনের শুনানি নিয়ে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ সোমবার এ জামিন দেন।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ব্যক্তিগত মুহূর্তের’ ভিডিও ছড়িয়ে পড়ার কারণে আলোচনায় আসা সাতক্ষীরা–৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলামকে গত ২২ জুলাই বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। একই দিন গাজী নজরুল ইসলামসহ পাঁচজনের বিরুদ্ধে রাজধানীর পল্লবী থানায় হত্যাচেষ্টার মামলা করেন এই সংসদ সদস্যের ব্যক্তিগত গাড়িচালক ওবায়দুর রহমান। সংসদ সদস্য যাঁকে তাঁর দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় দিয়েছেন, ওবায়দুর রহমান তাঁর মামা।
ওবায়দুর রহমানের অভিযোগ, সংসদ সদস্যের ‘অনৈতিক সম্পর্কের’ প্রতিবাদ করায় এবং একটি ভিডিও ফাঁসের ঘটনায় তাঁর হাত রয়েছে বলে সন্দেহ করে তাঁকে মারধর করা হয়। গত ২১ জুলাই ওবায়দুর রহমান ওই মামলা করেন। মামলায় সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম (৭৪) ছাড়াও তাঁর চার সহযোগীকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন আমিনুর রহমান, মাসুম বিল্লাহ (৪১), মোস্তাসিম বিল্লাহ (২৫) ও রাকিবুল হাসান (৩০)।
হত্যাচেষ্টার ওই মামলায় হাইকোর্টে আগাম জামিন চেয়ে আবেদন করেন সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম। আবেদনটি শুনানির জন্য আদালতের আজকের কার্যতালিকায় ৩৭৪ নম্বর ক্রমিকে ওঠে। জামিন আবেদনের শুনানি থাকায় আদালতে হাজির হন গাজী নজরুল ইসলাম। আদালতে তাঁর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সৈয়দা সাজিয়া শারমিন।
পরে জ্যেষ্ঠ আইনজীবী এস এম শাহজাহান প্রথম আলোকে বলেন, হত্যাচেষ্টার অভিযোগে করা মামলায় হাইকোর্ট গাজী নজরুল ইসলামকে আট সপ্তাহের আগাম জামিন দিয়েছেন। এরপর ঢাকার মহানগর দায়রা আদালতে তাঁকে হাজির হতে বলা হয়েছে।