প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের অভিযোগে করা এক মামলায় চিত্রনায়িকা রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।
বৃহস্পতিবার শুনানি শেষে বাদীপক্ষের আইনজীবী সৈয়দ নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
নজরুল ইসলাম বলেন, ‘বৃহস্পতিবার আদালতে হাজির হওয়ার জন্য তাঁদের তারিখ ধার্য ছিল। কিন্তু নিঝুম ও রাহূল কেউ হাজির হননি। এ কারণে আমরা তাঁদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন করি। আদালত শুনানি নিয়ে দুই আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।’
গত ২৯ জানুয়ারি সুরভী বেগম নামের এক নারী ওই মামলা করেন। ওই দিন আদালত ১৯ ফেব্রুয়ারির মধ্যে আসামিদের হাজির হতে সমন জারি করেন। মামলায় আরও দুজনকে আসামি করা হয়েছে। তাঁরা হলেন রাহূলের ভাই নান্নু মিঞা ও বোন মহিমা বিবি।
মামলার অভিযোগে বলা হয়েছে, বাদী সুরভী বেগমের সঙ্গে আসামি নিঝুম ও রাহূলের পূর্বপরিচয় ছিল। একসময় তাঁদের মধ্যে আস্থার সম্পর্ক গড়ে ওঠে। সেই সম্পর্কের সূত্র ধরেই ২০২০ সালের ১ অক্টোবর সুরভীর কাছে সাড়ে ১২ লাখ টাকা ধার চান নিঝুম ও রাহূল।
অভিযোগ অনুযায়ী, ১১ থেকে ২০ অক্টোবর পর্যন্ত তিন দফায় মোট সাড়ে ১২ লাখ টাকা তাঁদের হাতে তুলে দেন সুরভী বেগম। দুই মাসের মধ্যে সম্পূর্ণ অর্থ ফেরত দেওয়ার শর্তে একটি লিখিত চুক্তিও সই হয়। চুক্তিতে উল্লেখ ছিল, নির্ধারিত সময়ে রাহূল টাকা পরিশোধে ব্যর্থ হলে কিংবা তাঁর মৃত্যু হলে তাঁর ভাই নান্নু ওই অর্থ পরিশোধ করবেন।
পরে সুরভী বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাঁর আর্থিক অসচ্ছলতা দেখা দেয়। জরুরি প্রয়োজনে গত বছরের ১ মে তিনি ধার দেওয়া টাকা ফেরত চান। তবে অভিযোগ অনুযায়ী নিঝুম ও রাহূল টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান।
এরপর ২২ সেপ্টেম্বর সুরভী বেগমের পক্ষে রুবিনা নিঝুম ও রাহূলের বনশ্রীর বাসায় গিয়ে টাকা ফেরত চান। কিন্তু তাঁরা টাকা দিতে রাজি হননি। উল্টো প্রাণনাশের হুমকি দেন বলে মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রুবিনা আক্তার নিঝুম ও তাঁর স্বামী মামূনুর রশীদ রাহূলের সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।