বাংলাদেশ ইউনিভার্সিটিতে সেমিনার

কৃত্রিম বুদ্ধিমত্তার যথাযথ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা গুরুত্বপূর্ণ

‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা: উদীয়মান প্রবণতা, গবেষণাপদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগ’ শীর্ষক সেমিনার শেষে ফটো সেশনে অতিথিদের অংশগ্রহণকারীরা
ছবি: বাংলাদেশ ইউনিভার্সিটির সৌজন্যে

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শিক্ষার প্রতিটি স্তরে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। তবে এআই শিক্ষা ও গবেষণাকে গতিশীল, তথ্যনির্ভর ও কার্যকর করে তুললেও এর যথাযথ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বেসরকারি বিশ্ববিদ্যালয় বাংলাদেশ ইউনিভার্সিটিতে ‘একাডেমিক গবেষণায় কৃত্রিম বুদ্ধিমত্তা: উদীয়মান প্রবণতা, গবেষণাপদ্ধতি এবং ব্যবহারিক প্রয়োগ’ শীর্ষক সেমিনারে বক্তারা এ কথা বলেন। গত সোমবার ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন বিভাগ আয়োজিত সেমিনারে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির উপাচার্য মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মাহবুবুল হক এবং ব্যবসায় ও অর্থনীতি অনুষদের ডিন মো. তাজুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রধান গাজী মো. আবু ঈসা নূর।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন যুক্তরাষ্ট্রের সেন্ট বোনাভেঞ্চার ইউনিভার্সিটির স্কুল অব বিজনেসের ম্যানেজমেন্ট বিভাগের সহকারী অধ্যাপক মানসুরা নুসরাত। মূল প্রবন্ধে তিনি একাডেমিক গবেষণায় এআইয়ে ক্রমবর্ধমান গুরুত্ব, গবেষণা নকশা ও তথ্য বিশ্লেষণে আধুনিক এআই টুলের ব্যবহার, গবেষণার মানোন্নয়নে এআইয়ের সম্ভাবনা, নৈতিকতা, সীমাবদ্ধতা ও দায়িত্বশীল ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন।

মানসুরা নুসরাত বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাকে আরও গতিশীল, তথ্যনির্ভর ও কার্যকর করে তুললেও এর যথাযথ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য জাহাঙ্গীর আলম বলেন, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা আজ শিক্ষার প্রতিটি স্তরে গভীর ও সুদূরপ্রসারী প্রভাব ফেলছে। এটি আর কোনো বিমূর্ত বা ভবিষ্যতের ধারণা নয়; বরং আমাদের দৈনন্দিন জীবন, শিক্ষা, গবেষণা এবং একাডেমিক কার্যক্রমকে দ্রুত রূপান্তরিত করছে।’

সেমিনারে সভাপতির বক্তব্যে গাজী মো. আবু ঈসা নূর বলেন, ‘ব্যবসায় প্রশাসনসহ সব অনুষদের গবেষণাতেই এখন প্রযুক্তির ছোঁয়া। শিক্ষার্থীদের এই নতুন ধারার সঙ্গে পরিচিত করতেই আমাদের এই সেমিনারের উদ্যোগ।’ সেমিনারে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।