আগামী ১ মার্চ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ২০২২-২৩ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হচ্ছে। বুয়েটের ওয়েবসাইটের মাধ্যমে এই আবেদন চলবে ১২ মার্চ বেলা তিনটা পর্যন্ত৷ আগামী ২০ মে বুয়েট ক্যাম্পাসে ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ও ১০ জুন চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে।
স্নাতকের ভর্তি পরীক্ষা সামনে রেখে ওয়েবসাইটে নির্দেশিকা প্রকাশ করেছে বুয়েট কর্তৃপক্ষ। এতে বলা হয়েছে, মুঠোফোন বা অনলাইন ব্যাংকিংয়ের মাধ্যমে ১৩ মার্চ বেলা তিনটা পর্যন্ত ভর্তি পরীক্ষার আবেদন ফি জমা দেওয়া যাবে। পাঁচটি অনুষদের বিভিন্ন বিভাগের জন্য দুটি গ্রুপের (ক ও খ) আওতাধীন ভর্তি পরীক্ষার মাধ্যমে ১ হাজার ৩০৯ জন শিক্ষার্থী (৪টি সংরক্ষিত আসনসহ) এবার বুয়েটে ভর্তি হতে পারবেন।
ভর্তি নির্দেশিকা অনুযায়ী, বুয়েটের ভর্তি পরীক্ষার প্রাক্-নির্বাচনী পর্ব ২০ মে দুই পর্বে অনুষ্ঠিত হবে। দুই পালায় (সকাল ১০টা ও বেলা ৩টা) এই পরীক্ষায় অংশ নিতে পারবেন ১৮ হাজার শিক্ষার্থী৷ ক ও খ গ্রুপে মোট ১০০ নম্বরের বহুনির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর উত্তর দেওয়ার জন্য শিক্ষার্থীরা এক ঘণ্টা সময় পাবেন। চারটি ভুল উত্তরের জন্য এক নম্বর কাটা যাবে৷
প্রাক্-নির্বাচনী পর্বের দুই পালায় ৩ হাজার জন করে মোট ৬ হাজার শিক্ষার্থী ভর্তি পরীক্ষার চূড়ান্ত পর্বে অংশ নিতে পারবেন৷ ২৭ মে ওই তালিকা প্রকাশ করা হবে৷ চূড়ান্ত পরীক্ষা হবে ১০ জুন৷ ক গ্রুপে ৪০০ নম্বর ও খ গ্রুপে ৮০০ নম্বরের পরীক্ষা হবে৷ ১০ জুন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত দুই গ্রুপের গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন পরীক্ষা হবে৷ বেলা দুইটা থেকে সাড়ে তিনটা পর্যন্ত খ গ্রুপের মুক্তহস্ত অঙ্কন এবং দৃষ্টিগত ও স্থানিক ধীশক্তি পরীক্ষা হবে৷ ২৬ জুন ভর্তি পরীক্ষার নির্বাচিত ও অপেক্ষমাণ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে৷
ভর্তি পরীক্ষাবিষয়ক বিস্তারিত তথ্য বুয়েটের ওয়েবসাইটে পাওয়া যাবে।