দেবপ্রিয় ভট্টাচার্য
দেবপ্রিয় ভট্টাচার্য

অভিমত

গণতান্ত্রিক উত্তরণের নতুন সূচনাবিন্দু

আজকের জাতীয় নির্বাচন একটি অবধারিত বিষয় হিসেবে প্রতীয়মান হয়ে উঠেছে। যদিও এখনো এ নির্বাচনের সুষ্ঠুতা নিয়ে কিছুটা সংশয় রয়ে গেছে। এই সংশয়ের কারণ হলো যেভাবে পুরোনো বন্দোবস্তের মতোই আমরা মনোনয়নপ্রক্রিয়া দেখলাম এবং যে ধরনের নির্বাচনী প্রচারণা দেখলাম, তা অনেকটাই পুরোনো কায়দাতেই হয়েছে। নির্বাচনকে দেখভাল করার ক্ষেত্রে নির্বাচন কমিশন, আইনশৃঙ্খলা বাহিনী এবং বর্তমান বিদায়ী অন্তর্বর্তী সরকারের ভূমিকায় অনেক দুর্বলতা বা অসম্পূর্ণতা পরিলক্ষিত হয়েছে। কিন্তু তারপরও বড় বিষয় হলো, মানুষ নির্বাচনের জন্য প্রস্তুত।

মানুষ মনে করে, বর্তমান বিদায়ী সরকারের সময়কাল থেকে উত্তীর্ণ হয়ে এখন আমাদের একটি রাজনৈতিক ব্যবস্থার ভেতরে প্রবেশ করা দরকার। সেখানে হয়তো সাম্প্রতিক কালের অভিজ্ঞতার ভিত্তিতে একটি নতুন যাত্রার সুযোগ তৈরি হবে। ভোটারদের অংশগ্রহণে কোনো প্রতিবন্ধকতা হয় কি না, ভোটকেন্দ্র দখল বা ভোট গণনায় কারচুপি হয় কি না, এসব সংশয় এখনো আছে। তবে এসব সংশয় কেটে যাবে বলে আমি আশা করি।

নির্বাচনের ফলাফল আমরা হয়তো কাল পেয়ে যাব। সংসদীয় নির্বাচনের বাইরে গণভোট একটি বিষয় হিসেবে আছে বটে, তবে এই মুহূর্তে মানুষের মনে তা অতখানি গুরুত্ব নিয়ে নেই—এটা পরিষ্কার। নির্বাচনী ফলাফলের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি জনমানুষের কতখানি গ্রহণযোগ্যতা পাবে। সেই গ্রহণযোগ্যতাকে শক্তিশালী করার ক্ষেত্রে বিবদমান বা প্রতিদ্বন্দ্বী দলগুলো কী আচরণ করে, সেটাও মানুষ বুঝতে চাইবে।

সেহেতু প্রত্যাশা থাকে, সব দল নির্বিশেষে নির্বাচনের ফলাফল গ্রহণ করবে এবং তার ভেতর দিয়ে একটি সংসদীয় উত্তরণ বা সাংবিধানিক উত্তরণের দিকে পরবর্তী কয়েক দিনের মধ্যে অগ্রসর হবে। এখানে কোনো ধরনের অপ্রত্যাশিত প্রতিবন্ধকতা দেখা দেবে না, এমন প্রত্যাশাই রয়েছে।

আমি সাধারণভাবে বুঝি, মানুষ আরেকটি নবসূচনার জন্য প্রস্তুত হয়েছে, তার অভিজ্ঞতা ও প্রত্যাশাকে একসঙ্গে যুক্ত করে, যেখানে ভালো-মন্দ দুই-ই আছে; মানুষের প্রত্যাশা, এই অভিজ্ঞতার ওপর ভিত্তি করে নতুন একটি বাংলাদেশের দিকে যাবে—নতুন কোনো বন্দোবস্ত না হোক, পুরোনো বন্দোবস্তের একটি আধুনিক সংস্করণের দিকে।

আমি সাধারণভাবে মনে করি, একটি ‘লেস দ্যান পারফেক্ট ইলেকশন ইজ বেটার দ্যান নো ইলেকশন’। নির্বাচন ব্যতিরেকে জীবনযাপন করার চেয়ে একটি কম সম্পূর্ণ, কম সুষ্ঠু নির্বাচন অনেক বেশি কাম্য। সেহেতু বাংলাদেশের জাতি গঠনের ইতিহাসে আজকের দিনটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থান পাবে বলে আমি মনে করি, যা গণতান্ত্রিক উত্তরণের নতুন সূচনাবিন্দু হিসেবে কাজ করবে।