
প্রস্তাবিত সাইবার নিরাপত্তা আইন পাস না করার পাশাপাশি সব ধরনের কালাকানুন বাতিলের দাবি জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)। আজ বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এক বিক্ষোভ-সমাবেশে ডিইউজের নেতারা বলেন, সরকার ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করছে। এই আইন সংবিধান পরিপন্থী।
সমাবেশে বিএফইউজের সাবেক সভাপতি রুহুল আমিন গাজী বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর নিজেদের অপকর্ম ঢাকতে ডিজিটাল নিরাপত্তা আইন করেছে। বিভিন্ন মহল থেকে এই আইনের সমালোচনা করায় সরকার নতুন মোড়ক এনেছে ‘সাইবার সিকিউরিটি অ্যাক্ট’।
রুহুল আমিন গাজী বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের সব ধারা ‘সাইবার সিকিউরিটি অ্যাক্টে’ অন্তর্ভুক্ত করা হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের ২৫ লাখ টাকা জরিমানার ব্যবস্থা করা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা আইনে যাঁরা মামলা করেছেন, তাঁদের ৯০ ভাগ সরকারদলীয় লোক। এটাই প্রমাণ করে সাইবার নিরাপত্তার মতো আইন দিয়ে তারা সরকারকে রক্ষা করতে চায়। যারা ভাবছে সরকারের তোষামোদ করে পার পাওয়া যাবে; তারা রক্ষা পাবে না বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহিদুল ইসলাম বলেন, ডিজিটাল নিরাপত্তা আইনের নাম পরিবর্তন করে সাইবার নিরাপত্তা আইন করছে সরকার। এই আইন সংবিধান পরিপন্থী। এই আইন সাংবাদিক সমাজ মানে না।
জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি কামাল উদ্দিন সবুজ বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে ডিজিটাল নিরাপত্তা আইনের বিরুদ্ধে আন্দোলন করেছি। আন্তর্জাতিকভাবেও এই আইনের বিরুদ্ধে সরকারের প্রতি চাপ ছিল। সেই চাপের কারণে সরকার নাম বদল করে সাইবার সিকিউরিটি অ্যাক্ট নামে নতুন আইন নিয়ে এসেছে।’
ডিইউজের সাবেক সভাপতি কাদের গনি চৌধুরী বলেন, যখন ডিজিটাল সিকিউরিটি আইনের বিরুদ্ধে বিশ্ব জনমত গড়ে উঠেছে, তখন সরকার নামটা পরিবর্তন করে নতুন আইন চালু করতে চাইছে। যেখানে নিপীড়নমূলক সব ধারা রেখে দিয়েছে। এই আইনের মাধ্যমে সরকার সাংবাদিক সমাজের সঙ্গে মিথ্যাচার করেছে।
সমাবেশে ডিইউজের সাধারণ সম্পাদক খুরশীদ আলম, জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, বিএফইউজের সিনিয়র সহসভাপতি মোদাব্বের হোসেন, ডিইউজের সহসভাপতি রাশেদুল হক, ফটোজার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এ কে এম মোহসিন প্রমুখ বক্তব্য দেন। সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক সাঈদ খান।