সাবেক আইনমন্ত্রী আনিসুল হক
সাবেক আইনমন্ত্রী আনিসুল হক

পৃথক মামলায় আনিসুল, মেনন, ইনুসহ নয়জন রিমান্ডে

পৃথক মামলায় সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনুসহ নয়জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দিয়েছেন আদালত।

পুলিশের পৃথক আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত আজ বুধবার এ আদেশ দেন। প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর (পিপি) ওমর ফারুক ফারুকী।

রিমান্ডপ্রাপ্ত অপর ছয় আসামি হলেন সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী দীপঙ্কর তালুকদার, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সাবেক উপকমিশনার (ডিসি) তানভীর সালেহীন, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বেনজীর হোসেন নিশি ও ছাত্রলীগ নেতা কাউসার হোসেন।

আদালতসংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, উত্তরা পশ্চিম থানায় দায়ের করা আবদুল্লাহ আল মাহিন (১৬) হত্যা মামলায় আনিসুল হককে আজ আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আসামিপক্ষ থেকে রিমান্ডে নেওয়ার আবেদন নাকচ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আনিসুল হকের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর মিরপুর থানায় করা আনোয়ার হোসেন পাটোয়ারী হত্যা মামলায় কামাল আহমেদ মজুমদারকে আদালতে হাজির করে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। আদালত উভয় পক্ষের শুনানি নিয়ে তাঁকে পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন।

দশ বছর আগে রাজধানীর মতিঝিল এলাকায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা মামলায় ফারুক খান, রাশেদ খান মেনন ও হাসানুল হক ইনুকে আদালতে হাজির করে পুলিশ। তাঁদের পাঁচ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করা হয়। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

পল্টন থানায় দায়ের করা যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় দীপঙ্কর তালুকদারকে আদালতে হাজির করে সাত দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার আবেদন করে পুলিশ। শুনানি নিয়ে আদালত দীপঙ্কর তালুকদারের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।

রাজধানীর কলাবাগান থানায় করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় বেনজীর হোসেন ও কাউসার হোসেনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

রাজধানীর নিউমার্কেট থানায় করা ব্যবসায়ী আবদুল ওয়াদুদ হত্যা মামলায় সাবেক ডিসি তানভীর সালেহীনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন হয়। গত বছরের ১৩ আগস্ট গ্রেপ্তার হন আনিসুল হক। বিভিন্ন মামলায় আনিসুল হকের মোট ৫২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।