ভারতের দুই রাষ্ট্রীয় সংস্থার কাছ থেকে দুই লাখ টন চাল কেনার কথা ছিল।

ভারতের দুটি রাষ্ট্রীয় সংস্থা থেকে বেশি দামে চাল কেনার প্রক্রিয়া আপাতত স্থগিত করেছে খাদ্য মন্ত্রণালয়। গত রোববার খাদ্য মন্ত্রণালয়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
ভারতীয় সংস্থা ন্যাশনাল কো-অপারেটিভ কনজ্যুমার ফেডারেশন (এনসিসিএফ) ও কেন্দ্রীয় খাদ্যভান্ডার থেকে এক লাখ টন করে মোট দুই লাখ টন চাল কেনার কথা ছিল বাংলাদেশ সরকারের। তবে সূত্র জানিয়েছে, চলতি জানুয়ারি মাসে ভারতে চালের দাম কমে যাওয়া, দেশে আমনের উৎপাদন ভালো হওয়া এবং সরকারের গুদামে চালের প্রয়োজনীয় মজুত থাকায় আপাতত ওই দুই লাখ টন চাল কিনছে না সরকার। সরকারের বিবেচনায় মার্কিন ডলার সাশ্রয়ের বিষয়টিও ছিল।
খাদ্যসচিব ইসমাইল হোসেন প্রথম আলোকে বলেন, সরকার আপাতত ভারতীয় ওই দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে চাল আমদানি করছে না। তবে প্রয়োজন হলে সরকার আবারও চাল আমদানি করবে।
খাদ্য অধিদপ্তর গত ২১ ডিসেম্বর ভারতের রাষ্ট্রীয় ওই দুটি সংস্থাকে চাল কেনার সম্মতিপত্র (এলওআই) দিয়েছিল। ভারতীয় সংস্থা দুটি দাম চেয়েছিল প্রতি টনে যথাক্রমে ৪৩৪ ও ৪৩৭ মার্কিন ডলার। তারা বাংলাদেশে চাল রপ্তানির প্রক্রিয়াও শুরু করেছিল। সূত্র বলছে, এর মধ্যেই খাদ্য অধিদপ্তর আরও এক লাখ টন চাল কেনার জন্য আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে। এতে দুটি প্রতিষ্ঠান সর্বনিম্ন দরদাতা হয়, যাদের প্রতিটির ৫০ হাজার টন চাল দেওয়ার কথা।
প্রতিষ্ঠান দুটি হলো সিঙ্গাপুরভিত্তিক কোম্পানি অ্যাগ্রো-ক্রপ ইন্টারন্যাশনাল লিমিটেড ও ভারতের বাগাদিয়া। তারা প্রতিটন চালের দাম যথাক্রমে ৩৯৩ ও ৩৯৭ ডলার চায়। এই দর ভারতীয় রাষ্ট্রীয় দুটি প্রতিষ্ঠানের চেয়ে টনে মোটামুটি ৪০ ডলার কম। বেশি দামে চাল কেনা নিয়ে ১১ জানুয়ারি প্রথম আলোতে ‘ভারতের সরকারি প্রতিষ্ঠান থেকে বেশি দামে কেনা হচ্ছে চাল’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।
সূত্র জানায়, খাদ্য মন্ত্রণালয় ভারতের রাষ্ট্রীয় দুই প্রতিষ্ঠানকে দাম কমাতে অনুরোধ করা হয়েছিল। তারা প্রতিনিধির মাধ্যমে প্রতি টন চালের দাম দুই ডলার করে কমানোর কথা জানায়। এরই মধ্যে দেশে আমনের সংগ্রহ বেড়ে যায়।
খাদ্য মন্ত্রণালয়ের হিসাবে, গত রোববার পর্যন্ত আমন মৌসুমে চাল সংগ্রহ দাঁড়িয়েছে ২ লাখ ৯১ হাজার টন। সরকারের গুদামে চালের মজুত দাঁড়িয়েছে ১৫ লাখ ৮০ হাজার টন। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচিসহ নানা খাতে মাসে আড়াই থেকে তিন লাখ টন চাল দরকার হয়। সেই হিসেবে সরকারের কাছে কমপক্ষে পাঁচ মাসের চালের মজুত আছে। এরই মধ্যে বোরো ধান কাটা শুরু হয়ে যাবে।
এদিকে ডলার–সংকটের কারণে সরকার আমদানি নিরুৎসাহিত করছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হিসাবে বৈদেশিক মুদ্রার মজুত দাঁড়িয়েছে ৩ হাজার ২২৯ কোটি (৩২ বিলিয়ন) ডলারে। সূত্র বলছে, সার্বিক পরিস্থিতি বিবেচনায় আপাতত ভারতীয় দুই রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে চাল আমদানি করছে না সরকার।
সরকারি সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) হিসাবে, গত এক সপ্তাহে ঢাকার বাজারে সরু চালের সর্বনিম্ন দাম কেজিপ্রতি ২ টাকা বেড়ে ৬০ টাকা হয়েছে। এই চালের সর্বোচ্চ দর ৭৫ টাকা। মোটা চালের সর্বোচ্চ দাম ২ টাকা কমে ৫০ টাকা হয়েছে। আর সবচেয়ে কম দামে মোটা চাল বিক্রি হচ্ছে ৪৬ টাকায়। আমদানিসহ নানা উদ্যোগে চালের দাম আসলে কমেনি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এম এম শওকত আলী প্রথম আলোকে বলেন, সাধারণত কোনো দেশের সরকারের কাছ থেকে চাল কেনার আগে দরপত্র আহ্বান করে দাম যাচাই করা হয়। ভারতীয় চাল কেনার ক্ষেত্রে ঘটেছে উল্টো ঘটনা। এমনটা কেন হলো তা সরকারের যাচাই করে দেখা উচিত।