
হোসেন আলীর বাড়ি কুড়িগ্রাম সদর উপজেলার ঘোগাদহ ইউনিয়নের প্রথম আলো চরে। ভীষণ দুশ্চিন্তায় আছেন তিনি। কারণ, আর হয়তো কয়েক ঘণ্টা পরই তাঁর বসতভিটা ব্রহ্মপুত্র নদে বিলীন হয়ে যাবে। ভেঙে যাওয়া একটি বসতভিটার কিনারে বসে শুক্রবার বিড়বিড় করে হোসেন আলী বললেন, ‘নদীর যে টান, নিমেষে সউগ শ্যাষ। ধপাস ধপাস করি পাড় ভাঙ্গি পানিত পড়ে। মানুষ বাড়িঘর সরাবার সময়ও পায় না।’
শুক্রবার সকালে কুড়িগ্রামের যাত্রাপুর ঘাট থেকে সংকোশ ও ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল থেকে উত্তরে গিয়ে দেখা যায়, উজান থেকে পাহাড়ি ঢল নেমে আসছে। স্রোতের গর্জন। ভেসে আসছে বেশ কিছু মরা গরু ও ছাগল। প্রচণ্ড রোদ ও তাপে পানিতে ভেসে থাকা গবাদিপশুগুলো থেকে উৎকট গন্ধ ছড়াচ্ছে।
ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক বলেন, নদের ভাঙন ও এর পারের মানুষের বর্তমান পরিস্থিতি তিনি সংশ্লিষ্ট সবাইকে জানিয়েছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করা হচ্ছে।
সংকোশ ও ব্রহ্মপুত্র নদের সংযোগস্থল থেকে প্রথম আলো চর শুরু। এখান থেকে সাপের মতো এঁকেবেঁকে নদের ভাঙন শুরু হয়েছে। কিছু দূর এগিয়ে গেলে চোখে পড়ে—একটি মসজিদ ভেঙে নিয়ে যাচ্ছেন লোকজন। নদের পাড় ভেঙে পড়ছে। নৌকা থামিয়ে পাড়ে উঠে দেখা গেল, বেশ কিছু ঘরের চাল পড়ে আছে যত্রতত্র। নদের পারজুড়ে বিধ্বস্ত অবস্থা। মানুষের চোখেমুখে আতঙ্ক। কেউ গাছ কাটছেন। কেউবা আবার বাড়িঘর সরানোর কাজে ব্যস্ত।
নদের কিনারে বীর মুক্তিযোদ্ধা আবদুল আউয়ালের বাড়ির ভিটার একটি অংশ এখনো আছে। এক সপ্তাহ আগে তাঁর ভিটামাটির বেশির ভাগ অংশ ভাঙনে বিলীন হয়েছে। তিনি রসুলপুর এলাকায় চলে গেছেন।
প্রতিবন্ধী নুরুজ্জামান বলেন, ‘পাঁচ দিন আগে বাড়িভিটা নদীত যায়। ঘর সরাব সে সময় আছিল না। গ্রামের মানুষ ঘর ধরাধরি করি একজনের জমিত নিয়া রাখছে। অচল মানুষ জাগাজমি ট্যাকাপয়সা নাই। এলা কোটে ঘর তুলি।’
নদের ভাঙনের কবলে ঘরবাড়ি সরাচ্ছিলেন সাইফুদ্দিন। তিনি বলেন, ‘চরের মাইনষের দুঃখের কোনো শ্যাষ নাই ভাই।’ দিনমজুর মমিনুল, আবদুল মজিদ, সকিম উদ্দিন জানালেন, তাঁরা কামলা দিয়ে সংসার চলান। মানুষের কাছে ধারদেনা করে বাড়িঘর সরাচ্ছেন।
নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া ইউনিয়নে ব্যাপারীর চরে গিয়ে নদের ভাঙন দেখা যায়। সেখানকার পল্লিচিকিৎসক মুকুল মিয়া বলেন, প্রথম ভাঙন শুরু হয় ব্যাপারীর চর থেকে। এরপর প্রথম আলো চরে গত এক সপ্তাহ থেকে তীব্র ভাঙন শুরু হয়েছে। তাঁর বাড়ি ভেঙে গেছে। তাঁর এলাকার শতাধিক ভিটামাটি বিলীন হয়েছে।
কুড়িগ্রামের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আবদুল্লাহ আল মামুন বলেন, জরুরি ভিত্তিতে কী করা যায়, বিষয়টি তিনি দেখবেন।